ময়মনসিংহের আলোচিত তারিকুল হুদা সুমন হত্যা মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ছুমিয়া খানম গত রোববার বিকেলে গ্রেপ্তার হওয়া চার আসামির উপস্থিতিতে এ রায় দেন। সাজা পাওয়া আসামিরা হলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাইদুল ইসলাম এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর ছয় আসামি হলেন শহীদুল ইসলাম বিপু, শামীম ওরফে কাইল্ল্যা শামীম, আবদুল বারী ওরফে বাদল, শাহাদাত হোসেন, ঝুটন বণিক ও হালিম। তাঁদের মধ্যে ঝুটন বণিক, শাহাদাত হোসেন ও হালিম পলাতক রয়েছেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম ও আসামি পক্ষে ছিলেন ময়মনসিংহ জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবদুল গফুর ও বিশ্বনাথ পাল। মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা গেছে, ২০০৬ সালের ৬ মে রাত ১২টায় ময়মনসিংহ শহরের গোবিন্দ গাঙ্গুলী রোডের আবদুল বারির ছেলে তারিকুল হুদা সুমনকে সাজা পাওয়া ব্যক্তিরা মোবাইল ফোনে বাসা থেকে ডেকে নেয়। পরে সুমনকে সাজা পাওয়া ব্যক্তিরা ব্রহ্মপুত্র নদের পাড়সংলগ্ন বুড়াপীরের মাজারের পাশে বস্তি এলাকায় কুপিয়ে ও পেটের ভেতর শাবল ঢুকিয়ে হত্যা করে। এ ঘটনায় সুমনের বড় ভাই নাজমুল হুদা সুজন বাদী হয়ে সাতজনের নামে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন।