মাদারীপুরে এক স্কুলছাত্রীকে অপহরণ, ধর্ষণ ও ধর্মান্তরের অভিযোগে রফিকুল কাজী (২২) নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ঘটনায় অপর পাঁচজনকে ১৫ বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মাদারীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম গতকাল মঙ্গলবার সকালে এই রায় দেন। ১৫ বছর করে সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মোহন মোল্লা (২৭), নুরু কাজী (৫০), খলিল হাওলাদার (৪০), রুনা বেগম (২২) ও মাসুদ কাজী (২২)।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৭ ডিসেম্বর রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রামের স্কুলছাত্রীকে কোচিং থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করে। পরে তাকে আটকে রেখে ধর্ষণ ও জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়। এ ঘটনায় ২৯ ডিসেম্বর মেয়ের বাবা রাজৈর থানায় নারী ও শিশু
নির্যাতন দমন আইনে মামলা করেন। ২০১০ সালের ১১ জানুয়ারি মেয়েটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ।