কিশোরগঞ্জের নিকলী উপজেলা আওয়ামী লীগের নেতা আবদুল কাইয়ুম হত্যা মামলায় কাওসার আহমেদ (৩৫) নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এস এম আবদুস ছালাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি কাওসার আহমেদ নিকলী উপজেলার সিংপুর এলাকার মোক্তার উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ১৫ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।আদালত ও মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, জলমহালের বিরোধকে কেন্দ্র করে ২০০৫ সালের ৯ অক্টোবর প্রতিপক্ষের গুলিতে নিহত হন নিকলী উপজেলার সিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাগরপুর গ্রামের আবদুল কাইয়ুম। এ ঘটনায় নিহতের ছেলে মাসুদুল ইসলাম বাদী হয়ে পরদিন ১৬ জনকে আসামি করে নিকলী থানায় একটি হত্যা মামলা করেন।পুলিশ তদন্ত শেষে ২০০৬ সালের ২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। রাষ্ট্রপক্ষে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আবু সাঈদ ইমাম ও আসামিপক্ষে রাখাল চন্দ্র দে মামলাটি পরিচালনা করেন।