একজনের রিমান্ড মঞ্জুর, আরেকজনের নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে গ্রেপ্তার দুজনের রিমান্ড আবেদন করা হলেও আদালত একজনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর মধ্যে পোশাকশ্রমিক রোকন উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করার জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করা হলেও অন্য আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিজাম উদ্দিনের রিমান্ড আবেদন নাকচ করেন আদালত। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদের শুনানি শেষে এ আদেশ দেন।
গত বুধবার দুপুরে নগরের বাকলিয়া এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নিজাম উদ্দিন ও পোশাকশ্রমিক রোকন উদ্দিনকে আটক করা হয় বলে জানায় নগর গোয়েন্দা পুলিশ। পরদিন এ ঘটনায় দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বাকলিয়া থানায় মামলা করা হয়। মামলায় অভিযোগ করা হয়, সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মুসাব ইবনে উমায়েদের সঙ্গে তাঁরা গোপন বৈঠক করেন। তাঁদের নাশকতার পরিকল্পনা ছিল।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, দুই পক্ষের শুনানি শেষে আদালত রোকনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্য আসামি নিজামের রিমান্ড আবেদন নাকচ করে দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের এসআই আফতাব হোসেন গতকাল সন্ধ্যায় বলেন, রিমান্ড মঞ্জুর হওয়া আসামিকে কয়েক দিনের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আনা হবে।
নিজামের আইনজীবী নাজিম উদ্দিন শুনানিকালে আদালতকে বলেন, পুলিশ নিজামকে ২৮ আগস্ট ধরেছে। কিন্তু গ্রেপ্তার দেখিয়েছে ৩০ আগস্ট। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির না করে ১ সেপ্টেম্বর সন্ধ্যায় হাজির করে। তিনি আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে জড়িত নন। তাঁর রিমান্ড বাতিল করা হোক।