সিলেটের গোয়াইনঘাটের হাওরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝোড়ো হাওয়ার কবলে পড়ে একটি নৌকা ডুবে যায়। এতে চা-শ্রমিকদের বিয়ের বাদক দলের দুই সদস্য নিখোঁজ হন। তাঁদের মধ্য থেকে গতকাল শুক্রবার গোয়াইনঘাটের দাউদকান্দি হাওর থেকে গোপাল লোহা নামের একজনের লাশ উদ্ধার করেছেন ডুবুরিরা।
নৌকাডুবির এ ঘটনায় নয়ন নায়ক নামের অন্য সদস্যের সন্ধান গতকাল রাত সাড়ে আটটা পর্যন্ত মেলেনি।
গোপাল (৩০) ও নয়ন (২৮) সিলেটের লাক্কাতুরা চা-বাগানের শ্রমিক। তাঁরা বিয়েশাদিতে বাদক দলের সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দাঁড়িকান্দিপাড় গ্রামে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে পাঁচ সদস্যের বাদক দলটি নৌকায় হাওর পাড়ি দিচ্ছিল। সাড়ে সাতটার দিকে ঝোড়ো হাওয়ার মুখে পড়ে নৌকাটি ডুবে যায়। তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। অন্য দুজন নিখোঁজ হন। রাত সাড়ে ১০টার দিকে এক দফা তল্লাশি চালিয়ে তাঁদের কোনো খোঁজ মেলেনি। পরে গতকাল দুপুর ১২টার দিকে নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসানের উপস্থিতিতে দুর্ঘটনাস্থলে দুজন ডুবুরি নামানো হয়। ডুবুরিরা নৌকাডুবির স্থান থেকে বেলা আড়াইটায় গোপালের লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, উদ্ধার করা একজনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ডুবুরিরা তল্লাশি অব্যাহত রেখেছেন।