চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী নাছির উদ্দিন ওরফে শিবির নাছিরের বিরুদ্ধে দায়ের হওয়া পলিটেকনিক ছাত্র জমিরউদ্দিন হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন নিহতের খালাতো ভাই। সাক্ষ্যে জমিরউদ্দিন সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন দাবি করলেও কারা মেরেছে, তাদের তিনি চেনেন না বলে উল্লেখ করেন।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে এ সাক্ষ্য নেওয়া হয়। পরে আদালত ১৮ নভেম্বর পরবর্তী দিন ধার্য রাখেন।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান প্রথম আলোকে জানান, সাক্ষী নিহতের খালাতো ভাই মোহাম্মদ হাশেম সাক্ষ্যে উল্লেখ করেন, তাঁর খালাতো ভাই জমিরউদ্দিনকে সন্ত্রাসীরা গুলি করেছে বলে শুনেছেন। কারা গুলি করেছে, তা তিনি চেনেন না।
১৯৯৪ সালের ২০ নভেম্বর নগরের পলিটেকনিক ইনস্টিটিউটের তৎকালীন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জমিরউদ্দিনকে গুলি করে হত্যার অভিযোগে পাঁচলাইশ থানায় মামলা করা হয়।