একজনের সাজা খাটছেন অন্যজন!
পুলিশ ও আইনজীবীর অসতর্কতার কারণে এক আসামির সাজা ভোগ করছেন অন্য ব্যক্তি। নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতের একটি মারামারির মামলায় এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে। নাটোরের সিংড়া উপজেলার আচলকোট গ্রামের দেবদাসের ছেলে বাবুর পরিবর্তে দুই বছরের এই সাজা ভোগ করছেন একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে বাবলু শেখ।
এ ঘটনায় বাবলু শেখ গত বৃহস্পতিবার জেলা জজ আদালতে আপিল আবেদন করেছেন।
আদালতের নথিপত্র ও বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, ২০০১ সালের ১৫ এপ্রিল সদর উপজেলার গাঙ্গইল গ্রামের কাজী আলী আহম্মদের ছেলে কাজী আবদুল মালেক, দেবদাসের ছেলে বাবুসহ ছয়জনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় কাজী আবদুল মালেক বাদী হয়ে বাবুসহ ছয়জনের বিরুদ্ধে নাটোর থানায় মামলা করেন (নম্বর ১৪, ১৮/৪/২০০১)।
মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি বাবুকে গ্রেপ্তার না করে একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে বাবলু শেখকে ২০০২ সালের ৭ নভেম্বর গ্রেপ্তার করে আদালতে পাঠান। এই ভুলের বিষয়টি আদালতকে অবহিত না করে ছয় দিন পর ১৩ নভেম্বর আসামির আইনজীবী বাবু পরিচয়েই বাবলু শেখের জামিন করান। পরে ওই পরিচয়েই বাবলু শেখের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ ও আসামি পরীক্ষা করেন। যুক্তিতর্ক শেষে চলতি বছরের ২৩ জুনমুখ্য বিচারিক হাকিম মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী আসামি বাবুর বিরুদ্ধে দুই বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। ওই দিন কাঠগড়া থেকে বাবলু শেখকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।সেই থেকে তিনি কারাভোগ করছেন।
বাবলু শেখের জামাতা শফিকুল ইসলাম বলেন, তাঁর শ্বশুর একজন নিরীহ, অশিক্ষিত ও সহজ-সরল মানুষ। অন্য আসামিদের সঙ্গে তিনি দিনের পর দিন আদালতে হাজিরা দিয়েছেন। সাক্ষ্য গ্রহণের সময় ভুল পরিচয়ের বিষয়টি জানার পর তিনি আইনজীবীর মাধ্যমে তাঁর ভোটার পরিচয়পত্র আদালতে জমা দিয়ে ঘটনায় দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু তাতেও সমাধান পাননি। তাই বিনা অপরাধে দিনের পর দিন কারাভোগ করছেন। এটা অন্যায় ও দুর্ভাগ্যজনক।
বাবলু শেখের অন্যতম আইনজীবীদেওয়ান লুৎফর রহমান বলেন, বাবলু শেখের জামিনের সময় অন্য আইনজীবী ছিলেন। তিনি দাবি করেন, ‘পরে আমি বাবলু শেখের জাতীয় পরিচয়পত্র আদালতে উপস্থাপন করে ত্রুটির বিষয়টি অবগত করেছি। এরপরও তাঁর সাজা হওয়ার বিষয়টি দুর্ভাগ্যজনক।’
বাদী কাজী আবদুল মালেকের ছেলে কাজী আবদুল জাহের বলেন, অনেক আগে তাঁর বাবা মামলাটি করেছিলেন। তিনি প্রায় পাঁচ বছর আগে মারা গেছেন। তিনি বলেন, ‘যতটুকু জানি, ওই মামলার আসামি দেবদাসের ছেলে বাবু এখনো এলাকায় বসবাস করছেন।’ তাঁর পরিবর্তে অন্য কে এই মামলায় জেল খাটছেন, তা তিনি জানেন না। মামলা করার ১৫ বছর পর কেন ভুল পরিচয়ের বিষয়টি উঠল, তা তাঁর বোধগম্য নয়।
এ ব্যাপারে গাঙ্গইল এলাকার (হাতিয়ান্দহ ইউনিয়ন) ইউপি সদস্য সুশীল চন্দ্র বলেন, দেবদাসের ছেলে বাবু একসময় এলাকায় বসবাস করতেন। তবে তিনি বহু আগে বাড়িঘর ভেঙে নিয়ে অন্যত্র চলে গেছেন। এখন আবার ফিরে এসেছেন কি না, তা জানা নেই।
নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, বিষয়টি অনেক আগের। এ ব্যাপারে তাঁর কিছু জানা নেই।