একজনের সাজা খাটছেন অন্যজন
শুধু নামের মিল থাকায় নির্দোষ হয়েও আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ডের পাঁচ বছর কাটিয়ে দিয়েছেন জাকির হোসেন। নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বাসিন্দা জাকির বর্তমানে কাশিমপুর কারাগারে বন্দী রয়েছেন। পুলিশের ভুলের কারণে একটি হত্যা মামলার আসামি হয়ে তাঁকে এ সাজা ভোগ করতে হচ্ছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সম্পর্কিত তদন্ত প্রতিবেদনের আলোকে পুলিশের তিন কর্মকর্তাকে দায়ী করেছে। তদন্ত কমিটি তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।পুলিশের ওই তিন কর্মকর্তা হলেন: ঘটনার সময় আড়াইহাজার থানায় কর্মরত পুলিশ পরিদর্শক এস এ রাজ্জাক, উপপুলিশ পরিদর্শক খোরশেদ আলম ও শহিদুল ইসলাম।জাকির হোসেনের কারাভোগের বিষয়ে তদন্ত করতে গত ২১ জুন নির্দেশ দেন হাইকোর্ট। নির্দেশনায় গত ৩০ জুলাইয়ের মধ্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়।গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (আইন শাখা-১) শেফিনা বেগমের স্বাক্ষরিত প্রতিবেদনটি আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সূত্র। এর আগে নারায়ণগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট মনোজ কান্তি বড়াল এ বিষয়ে প্রতিবেদন পাঠান। বিষয়টি তদন্ত করেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম।এ বিষয়ে জানতে চাইলে ওসি সৈয়দ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কয়েদি জাকির হোসেনের নাম ও ঠিকানায় গরমিল রয়েছে। তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্রে পিতার নাম ভুল করেছেন। গ্রামের নামও ভুল লেখা হয়েছে। হাটখোলা বা বেপারীপাড়ার বদলে লেখা হয়েছে মোল্লাপাড়া। শুধু পুলিশ কর্মকর্তাদের ভুলের কারণে একজন নিরীহ ব্যক্তি পাঁচ বছর ধরে সাজা খাটছেন, যা মোটেও ঠিক হয়নি।’১৯৯১ সালের ১১ নভেম্বর আড়াইহাজারের বাজবী এলাকায় ছিনতাইকারীদের হাতে ভিকচান মিয়া নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় ভিকচান মিয়ার ছেলে সোলেমান মিয়া অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে আড়াইহাজার থানার তখনকার পুলিশ পরিদর্শক এস এ রাজ্জাক পরের বছর ১০ মে হাটখোলার (বেপারীপাড়া) সামসুদ্দিনের ছেলে জাকির হোসেনকে অন্যতম আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। মামলায় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা আদালত জাকিরকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।শুধু নামে মিল থাকায় বেপারীপাড়ার পাশের হাটখোলাপাড়া এলাকার সামসুল হকের ছেলে মো. জাকির হোসেনকে ২০০৭ সালের ১০ ডিসেম্বর গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি প্রকৃত জাকিরের দণ্ড ভোগ করছেন।এ-সংক্রান্ত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সাজা পরোয়ানা রেজিস্টার ও আসামির নাম-ঠিকানায় গরমিল রয়েছে। এ কারণে অভিযোগপত্র যথাযথ হয়নি।প্রতিবেদনে বলা হয়, বেপারীপাড়া নামে কোনো মৌজা নেই। বেপারীপাড়াকে বলা হয় হাটখোলাপাড়া। কিন্তু গ্রেপ্তারি পরোয়ানায় বলা হয়েছে, জাকির হোসেনের বাড়ি মোল্লাপাড়া। অন্যদিকে জাকির হোসেন, পিতা-সামসুদ্দীন, বেপারীপাড়া—এই বর্ণনা অনুযায়ী কোনো লোক নেই। কারাগারে থাকা জাকির হোসেনের বাবার নাম সামসুল হক। এটি নিশ্চিত হওয়া গেছে একটি দলিল থেকে।