একজনের সাফাই সাক্ষ্য, যুক্তিতর্ক ১৯ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় গতকাল মঙ্গলবার আদালতে একজন আসামির পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন এক সাক্ষী। আগামী রোববার মামলার যুক্তিতর্কের দিন ধার্য করা হয়েছে।

রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশচন্দ্র সরকারের আদালতে চলছে এ মামলার বিচারকাজ। সরকারপক্ষে মামলাটি পরিচালনাকারী বিশেষ পিপি রথীশচন্দ্র ভৌমিক বলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মজিদ মণ্ডল আসামি সাখাওয়াতের পক্ষে গতকাল সাফাই সাক্ষ্য দিয়েছেন। আসামি সাখাওয়াতের বাড়ি একই এলাকায়। সাফাই সাক্ষ্যে আবদুল মজিদ বলেন, তাঁকে (সাখাওয়াত) তিনি ব্যক্তিগতভাবে চেনেন। তিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন না। এরপর সাক্ষীকে জেরা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

বিশেষ পিপি আরও বলেন, আগামী রোববার (১৯ ফেব্রুয়ারি) যুক্তিতর্কের দিন ধার্য রয়েছে। এরপর রায়ের তারিখ ঘোষণা করবেন আদালত।

প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্র জানায়, গতকাল সকালে পুলিশের নিরাপত্তায় অভিযোগপত্রভুক্ত আট আসামির মধ্যে কারাগারে থাকা পাঁচজনকে আদালতে হাজির করা হয়। এঁরা হলেন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পীরগাছার আঞ্চলিক কমান্ডার ও উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়ার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (২১) ও জেএমবি সদস্য ইছাহাক আলী (২৫), কালীগঞ্জ বাজারের জেএমবি সদস্য আবু সাঈদ (২৮), বগুড়ার গাবতলীর জেএমবি সদস্য লিটন মিয়া ওরফে রফিক (২৩) এবং গাইবান্ধার সাঘাটার হলদিয়ার চরের সাখাওয়াত হোসেন (৩২)।

মামলায় পলাতক আসামি হলেন কুড়িগ্রামের রাজারহাটের মকর রাজমাল্লী এলাকার আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব (২৪)। এ মামলার আসামি পঞ্চগড়ের দেবীগঞ্জের গজপুরি এলাকার নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান (২৮) অভিযোগ গঠনের আগেই রাজশাহীতে ও অভিযোগ গঠনের পর কুড়িগ্রামের রাজারহাটের চর বিদ্যানন্দ এলাকার সাদ্দাম হোসেন ওরফে রাহুল ওরফে চঞ্চল ওরফে সবুজ ওরফে রবি (২১) ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। ওই দিনই কাউনিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে হত্যা মামলা করেন।