বরগুনার তালতলী উপজেলার চন্দনতলা গ্রামের আলোচিত ১৪ হিন্দু পরিবারকে উচ্ছেদের মামলার প্রধান আসামি আবদুর রশিদ আকনকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন দ্রুত বিচার আদালতের বিচারক। মামলার অভিযুক্ত অপর দুই আসামি যুবলীগের নেতা জাকির সরদার ও তাঁর ভাই সালাম সরদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
গতকাল রোববার বরগুনার দ্রুত বিচার আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ এ মামলার রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি রশিদ আকন রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন। অপর দুই আসামি উপস্থিত ছিলেন।
মামলার বাদী যাদব সরকার রায় ঘোষণার পর প্রথম আলোকে বলেন, এই ঘটনার মূল হোতা দুই ভাই জাকির ও সালাম সরদার খালাস পাওয়ায় উচ্ছেদ হওয়া ১৪টি হিন্দু পরিবার পুনরায় নিরাপত্তাহীনতার মধ্যে পড়বে।
জাকির সরদার বরগুনা পৌর যুবলীগের সহসভাপতি।
জেলা আইনজীবী সমিতির সদস্য সঞ্জীব দাস দুই আসামির খালাস পাওয়ার কারণ হিসেবে রাষ্ট্রপক্ষের আইনজীবীর গাফিলতি বলে মন্তব্য করেছেন।
তবে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আবদুল লতিফ ফরাজী বলেন, ‘এই মামলায় ১৯ সাক্ষীর কেউই জাকির ও সালামের নাম আদালতে বলেননি। আমরা প্রাণপণ চেষ্টা করেছি। এমনকি আদালতও চেষ্টা করেছেন। কিন্তু সাক্ষীরা তাঁদের সাক্ষ্যে বিষয়টি এড়িয়ে গেলে আমাদের কী করার আছে?’
মামলার বিবরণ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, চন্দনতলা গ্রামের যুবলীগের স্থানীয় প্রভাবশালী নেতা জাকির সরদার ও তাঁর বড় ভাই সালাম সরদার ১৪টি হিন্দু পরিবারের বসতভিটাসহ ৪০ একর জমি দখল করার জন্য এলাকার চিহ্নিত সন্ত্রাসী রশিদ আকনকে দিয়ে দীর্ঘদিন ধরে পরিবারগুলোর সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছিলেন। এ অবস্থায় ২০১৩ সালে তিনটি ও ২০১৪ সালের শেষ দিকে দুটি পরিবার তাঁদের বসতবাড়ি ছেড়ে বরগুনায় আশ্রয় নেন।
সর্বশেষ ২০১৫ সালের ১২ মার্চ রাতে আরও নয়টি পরিবার বাড়িঘর ছেড়ে বরগুনায় চলে আসে। ১৩ মার্চ জাকির, সালাম ও রশিদ আকনের নেতৃত্বে সন্ত্রাসীরা এসব পরিবারের বাড়িঘর ভেঙে লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বরগুনা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন হিন্দু পরিবারগুলোর পাশে দাঁড়ালে ২৩ মার্চ হিন্দু পরিবারগুলোর পক্ষে যাদব চন্দ্র সরকার বাদী হয়ে আবদুর রশিদসহ জাকির সরদার ও সালাম সরদারকে আসামি করে তালতলী থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। ৩০ মার্চ বরগুনা জেলা ও পুলিশ প্রশাসনের সহায়তায় উচ্ছেদ হওয়া ওই ১৪ হিন্দু পরিবারকে তাদের বসতবাড়িতে ফিরিয়ে দেওয়া হয় এবং প্রশাসনের উদ্যোগে তাদের ঘর নির্মাণ করে দেওয়া হয়।
এ নিয়ে প্রথম আলোয় ২০১৫ সালের ৩০ মার্চ ‘১৪টি হিন্দু পরিবারকে উচ্ছেদ’ এবং ১ এপ্রিল ‘বসতবাড়িতে ফিরল ১৪ হিন্দু পরিবার’ শিরোনামে খবর ছাপা হয়।