একটা অনিশ্চয়তা কেটে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরে আনন্দিত ইতিহাসের শিক্ষক অধ্যাপক মুনতাসীর মামুন।
গতকাল শনিবার রাতে এক প্রতিক্রিয়ায় মুনতাসীর মামুন প্রথম আলোকে বলেন, ‘কাসেম আলীর ফাঁসির দাবি নিয়ে বড় একটি আন্দোলন ছিল। কিন্তু একটা অনিশ্চয়তাও ছিল। সেই অনিশ্চয়তা কেটে অবশেষে তাঁর ফাঁসি হয়েছে। এতে স্বাভাবিকভাবেই খুব আনন্দিত আমরা।’
মীর কাসেম আলীসহ মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি করে মুনতাসীর মামুন বলেন, না হলে এই অর্থ আবার জঙ্গিবাদে ব্যবহার হবে। আরেকটি বিষয় করা উচিত সেটা হলো, মানবতাবিরোধীদের সম্পত্তি কেউ কিনতে পারবে না। এটা হলে ওই সম্পদ রাষ্ট্র গ্রহণ করে যা করার তা করবে।
আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকরকে একটি মাইলফলক এবং নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
গত রাতে শাহবাগে সাংবাদিকদের তিনি বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের প্রক্রিয়া যেন এখানেই শেষ না হয়ে যায়। এটা যেন অব্যাহত থাকে।
মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকরে শাহবাগে আনন্দ-উল্লাস করেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা।