একটা ব্যাঙ হয়ে জন্মালে কী দুর্ভাগ্যই না হতো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মদিনে শিশুদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করছেন আবদুল্লাহ আবু সায়ীদ। গতকাল রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তন থেকে ছবিটি তোলা l প্রথম আলো
জন্মদিনে শিশুদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করছেন আবদুল্লাহ আবু সায়ীদ। গতকাল রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তন থেকে ছবিটি তোলা l প্রথম আলো

‘আমি একজন আশাবাদী মানুষ। এই যে মানুষ হয়ে জন্মেছি, একটা নীল আকাশ, এত সুন্দর ফুলফোটা একটা পৃথিবী দেখছি। এই অবিশ্বাস্য অসাধারণ জীবনের ভেতরে তো আমি না-ও আসতে পারতাম। একটা ব্যাঙ বা কেঁচো হয়ে জন্মালে কী দুর্ভাগ্যই না হতো। অথবা হয়তো জন্মাতামই না। সেখানে এই যে আমার জন্ম, এ জন্য তো আমার পাগল হয়ে যাওয়া উচিত।’ বলছিলেন আবদুল্লাহ আবু সায়ীদ। বেশ আগে সাহিত্যিক আবদুল মান্নান সৈয়দের সঙ্গে কথোপকথন স্মরণ করে গতকালও কথাগুলো বলেছেন তিনি।

গতকাল মঙ্গলবার ছিল বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের ৭৮তম জন্মদিন। এ উপলক্ষে সন্ধ্যায় কেন্দ্র মিলনায়তনে ছিল তাঁকে শুভেচ্ছা জানানোর আয়োজন। স্ত্রী রওশান আরা সায়ীদকে নিয়ে সেখানে কেক কেটে শুভার্থীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন তিনি। মঞ্চে উঠে তাঁকে শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠন ও ব্যক্তি। এ সময় মঞ্চে তাঁর সঙ্গী ছিলেন প্রদীপ রায়, সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যিক আলী ইমাম, মাহমুদুল হক, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক নজরুল ইসলাম প্রমুখ।

সৈয়দ আজিজুল হক বলেন, ‘রেনেসাঁর যুগের সবচেয়ে গুরুত্ব পেয়েছিল মানুষ। এ দেশের রেনেসাঁর মূল নায়ক আবদুল্লাহ আবু সায়ীদ। তাঁর কাছেও মানুষ গুরুত্বপূর্ণ।’ প্রদীপ রায় বলেন, ‘সায়ীদ স্যারও শতায়ু হবেন, এটাই আমাদের প্রত্যাশা।’ অনুষ্ঠানে নিলুফার বানু গেয়ে শোনান আবদুল্লাহ আবু সায়ীদের প্রিয় কিছু গান।

জন্মদিনের বক্তৃতায় আবু সায়ীদ বলেন, ‘গত ৩৫ বছরে শুধু একটি বিষয়ের ওপর আমাকে ৩৫টি বক্তৃতা দিতে হয়েছে। সেটি হচ্ছে নিজের জন্মদিন।’ তিনি বলেন, ‘আমি মানুষের ভক্ত। দিনে পঞ্চাশটা লোকের সঙ্গে দেখা না হলে সেই দিনটা আমার নষ্ট হয়ে যায়। অথচ শৈশব থেকে আমি মানুষ ভয় পেতাম। কিন্তু মানুষ দেখে কখনো পালাইনি। সব সময় বন্ধু সংগ্রহের চেষ্টা করেছি। সাহিত্য প্রতিযোগিতা, ডিবেটে, আবৃত্তিতে যোগদান করেছি। পেশা হিসেবে বেছে নিয়েছি শিক্ষকতাকে, যেখানে অনেক মানুষ সামনে দাঁড়িয়ে থাকবে। ছেলেবেলা থেকে মনে হতো, সারা জীবন অন্যদের জন্য কাজ করব। দেখলাম সেটা করলে নিজের জন্য টাকা রোজগার করা যায় না। আজকাল টাকা রোজগারের পেছনেই মানুষের সব সময় চলে যায়। সেখানে জীবন থাকে না। সে জন্য আমি ঠিক করেছিলাম যে একটা গড়পড়তা জীবন যাপন করব।’

নিজের অসচ্ছল জীবনের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘টেলিভিশনে আমার অনুষ্ঠানটি এতই জনপ্রিয় হলো যে জাতীয় পুরস্কার চালু করে আমাকে পুরস্কৃত করা হলো। পুরস্কার পাওয়ার পরের সাত বছর আমার নিজের কোনো টেলিভিশন ছিল না। অন্যের বাড়িতে গিয়ে টেলিভিশন দেখতাম। দুঃখ-দারিদ্র্যের মধ্যে থাকলেও জীবনে আনন্দের কমতি ছিল না।’