একটা ভোটের কারণে প্রাণ গেল নির্মাণশ্রমিকের!
নাটোরের লালপুরে এমরান হোসেন ধানের শীষে ভোট দিয়েছিলেন। এ কারণে নৌকার এজেন্ট কেন্দ্রেই তাঁকে মারধর করেন। এর প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো তাঁর চাচা নির্মাণশ্রমিক জিয়াউর রহমান ওরফে বিপ্লব হোসেনকে। সংসারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাঁর স্ত্রী ও সন্তানেরা।
গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে লালপুরের রাধাকান্তপুর গ্রামে গিয়ে দেখা যায়, জিয়াউরের মরদেহ ঘিরে শত শত মানুষ ভিড় করেছে। বাবাকে হারিয়ে একমাত্র ছেলে রাকিবুল ইসলাম ও মেয়ে জাকিয়া সুলতানা মা রেহানা বেগমকে জড়িয়ে ধরে আহাজারি করছে। কারও সান্ত্বনা তাদের শান্ত করতে পারছে না। স্ত্রী বারবার বলছেন, ‘তুমি এক দিন কাজ না করলে আমাদের খাবার জুটত না। এখন তো চিরদিনের জন্য চলে যাচ্ছ। তোমার ছেলেমেয়ে নিয়ে আমি কী করে বাঁচব।’
নিহত এমরানের ভাতিজা এমরান হোসেন বলেন, তিনি বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে আড়বাব ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্থানীয় হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন। ১ নম্বর ভোটকক্ষে ব্যালটে চেয়ারম্যান পদে ধানের শীষে সিল মেরে তিনি ব্যালটটি ভাঁজ করে বাক্সে ফেলতে যাচ্ছিলেন। এমন সময় নৌকা প্রতীকের এজেন্ট আরাফাত রহমান তাঁর হাত থেকে ব্যালটটি কেড়ে নিয়ে ভাঁজ খুলে ফেলেন। ধানের শীষে সিল মারা দেখে আরাফাত ক্ষুব্ধ হয়ে তাঁকে থাপ্পড় মারেন। তখন তিনি (এমরান) কিছু না বলে কেন্দ্রের বাইরে বের হন। এ খবর বাড়িতে পৌঁছালে চাচা জিয়াউর রহমান বাড়ির সামনের রাস্তায় ওই এজেন্টের সহকর্মী আওয়ামী লীগের কর্মী ইদবার আলীর কাছে এমরানকে থাপ্পড় মারার কারণ জানতে চান। তখন এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। ইদবার আলী সেখান থেকে চলে যান।
এমরান হোসেনের অভিযোগ, বেলা ১১টার দিকে ইদবার আট থেকে দশজনকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের বাড়ির সামনে আসেন। এ সময় তাঁর স্ত্রী, দুই ভাই ও এক বোনের সামনে সাইফুল ইসলাম নামের এক আওয়ামী লীগের কর্মী হাঁসুয়া দিয়ে জিয়াউর রহমানের মাথায় কোপ মারে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। রাজশাহীর সিডিএম হাসপাতালে ভর্তি করা হলে রাতে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী রেহানা বেগম বাদী হয়ে সাইফুলসহ কয়েকজনের বিরুদ্ধে লালপুর থানায় হত্যা মামলা করেছেন।
রেহানা বেগম বলেন, তাঁর স্বামী সহজ-সরল খেটে খাওয়া মানুষ ছিলেন। শত অভাব-অনটনের মধ্যেও তিনি পড়ালেখা করাচ্ছিলেন। তিনি সক্রিয়ভাবে রাজনীতি না করলেও বিএনপির সমর্থক ছিলেন। এ কারণে ভোটের আগে থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের হুমকি দিয়ে ভোটকেন্দ্রে যেতে বারণ করেছিলেন। হুমকির তোয়াক্কা না করে তিনি স্ত্রীকে নিয়ে ভোট দিতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তাঁদের ভোট দেওয়া হয়নি।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত সাইফুল ইসলাম, ইদবার হোসেন ও আরাফাত রহমান পলাতক রয়েছেন। তাই তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউপির বিজয়ী চেয়ারম্যান ইসহাক আলী বলেন, জিয়াউরের মৃত্যুর জন্য তাঁর দলের কেউ দায়ী নন। পুলিশ তদন্ত করলে এর সত্যতা মিলবে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই বলেন, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।