
আন্দোলনের নামে দেশে কোনো অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘এখন নির্বাচিত সরকার ক্ষমতায়। কাজেই ৫ জানুয়ারির আগে অন্তর্বর্তী সরকারের সময় যা করা হয়েছে, এখন কোনোভাবেই তা করতে দেওয়া হবে না। এখন তারা দেশের একজন মানুষের গায়ে হাত দিয়ে দেখুক।’
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল বৃহস্পতিবার নীলফামারীতে আন্দোলনের যে হুমকি দিয়েছেন, সে প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দশম এশিয়া-ইউরোপ আন্তমহাদেশীয় ফোরামের (আসেম) সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রীর ইতালি সফর নিয়ে গতকাল বিকেলে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।
বিএনপির সঙ্গে আলোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা রাজনীতির আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে, তাদের সঙ্গে কিসের আলোচনা?’ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সময় যখন হবে, তখনই নির্বাচন দেওয়া হবে। নির্বাচন করতে চাইলে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এ ছাড়া সংবাদ সম্মেলনে আসেম সম্মেলন, লতিফ সিদ্দিকীর অপসারণ, কয়েকটি ইসলামি দল আহূত আগামী রোববারের হরতালসহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী।
বেগম জিয়ার আন্দোলনের হুমকি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘তাঁরা অতীতেও বহুবার আন্দোলনের হুমকি দিয়েছেন। ৫ জানুয়ারির আগে অনেকেরই ধারণা ছিল সাংঘাতিক অবস্থার সৃষ্টি হবে। কিন্তু আমি বলেছিলাম, তাঁরা কিছুই করতে পারবেন না। আন্দোলনের নামে তাঁরা মানুষ খুন ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন। তখন আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারে ছিলাম। অনেক কিছুই করতে পারিনি। কিন্তু এখন নির্বাচিত সরকার ক্ষমতায়। কাজেই তখনকার মতো পরিস্থিতি কেউ সৃষ্টি করতে পারবে না। এ ব্যাপারে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে পারি। এবার একটা মানুষের গায়ে তারা হাত দিয়ে দেখুক।’
দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির সঙ্গে আলোচনার কোনো সুযোগ আছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘কাদের সঙ্গে আলোচনা? যারা রাজনীতির আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে, তাদের সঙ্গে কিসের আলোচনা! যারা আপনাকে হত্যা করতে চায়, তাদের সঙ্গে কি আপনি আলোচনা করবেন? ১৫ আগস্টের খুনিদের সঙ্গে কোনো আলোচনা নয়। সেই খুনিদের পুরস্কৃত করেছেন জিয়াউর রহমান-এরশাদ-খালেদা জিয়া। তাঁরা তাঁদের বিনা ভোটে সংসদে এনে বসিয়েছেন। ২১ আগস্ট আমাকে হত্যার চেষ্টা হয়েছে। আইভি রহমানের হত্যাকারীদের সঙ্গে আলোচনার জন্য আপনাদের এত আকুতি কেন? একদিকে যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলবেন, অন্যদিকে খালেদা জিয়ার সঙ্গে আলোচনার জন্য আকুলি-বিকুলি করবেন, এটা হতে পারে না। আপনারা কি চান না, দেশ উন্নতির দিকে এগিয়ে যাক। নাকি বোমার আওয়াজ না শুনলে ঘুম হয় না আপনাদের?’
আগামী রোববারের হরতাল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কেন এই হরতাল! লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সরকার সব ব্যবস্থা নিয়েছে। দলীয় ব্যবস্থা গ্রহণও প্রক্রিয়াধীন। যাঁরা তাঁকে গ্রেপ্তারের দাবি করছেন, তাঁদের বলছি, তাঁকে ধরিয়ে দিন। অবশ্যই গ্রেপ্তার করা হবে। তিনি তো দেশেই নেই।
প্রধানমন্ত্রী বলেন, ‘যখন ঘটনা ঘটে, তখন আমি প্লেনে। আমি লন্ডনে নেমেই ইউটিউবে দেখেছি, শুনেছি। এর পরেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। তাঁকে মন্ত্রিত্ব থেকে সরানো হয়েছে। শোকজ করেছি। শোকজের উত্তর তিনি দিয়েছেন। কাল (আজ শুক্রবার) দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। আমাদের ধর্মীয় অনুভূতিতে তিনি আঘাত দিয়েছেন। তাই তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছি।’
আরেক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘এতিমদের টাকা মেরে খেয়েছেন বেগম জিয়া। তিনি জানেন, তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তিনি আদালতে হাজির হতে ভয় পান। আদালতে হাজিরার তারিখ থাকলেই হরতালের ঘোষণা আসে।’ খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘সাহস থাকলে আদালতে যান।’
একজন সাংবাদিক প্রধানমন্ত্রীকে টক শোতে যাওয়ার আমন্ত্রণ জানালে তিনি বলেন, ‘আমি অত টক টক কথা বলতে পারব না। মধ্যরাতে জেগেও থাকতে পারি না।’
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের পর বিদেশে সবাই এই সরকারের প্রশংসা করেছেন। কয়েকটি দেশের প্রতিনিধিরা এখানে ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে সমালোচনা করেছেন। কিন্তু সেসব দেশের রাষ্ট্রপ্রধানগণ সবাই আমাদের সরকারের প্রশংসা করেছেন। দেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। যাঁরা এই উন্নয়নের প্রশংসা করতে পারেন না, তাঁরা কূপমণ্ডূক।’
শেখ হাসিনা বলেন, ‘মাত্র কয়েক দিনের ব্যবধানে বাংলাদেশ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারম্যান এবং ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। এটি দেশের জন্য গৌরবের। অথচ ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশ এসব প্রতিষ্ঠানের সদস্যপদ হারিয়েছিল। এমনকি ১৯৮২ সালের পর এবং ২০০৮ সালেও সদস্যপদ হারিয়েছিল। কিন্তু আমরা ক্ষমতায় এসে ২০০৯ সালে সদস্যপদ ফিরে পাই এবং পাঁচ বছরের মধ্যে দুটো প্রতিষ্ঠানে নির্বাচিত হই। দুটো প্রতিষ্ঠানেই নির্বাচন করাটা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। এসব সংস্থায় নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হওয়ার অর্থ হচ্ছে, এ দেশের গণতান্ত্রিক ব্যবস্থার বিশ্ব স্বীকৃতি লাভ।’
প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে ইতালি সফর ও বিভিন্ন ক্ষেত্রে দেশের অগ্রগতি নিয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে চারটায় হাস্যোজ্জ্বল মুখে সংবাদ সম্মেলনে উপস্থিত হন তিনি। মঞ্চে এসে সবাইকে সালাম দিয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন। এ সময় তাঁর পাশে ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। এ ছাড়া সামনে দর্শকসারিতে কয়েকজন সাবেক মন্ত্রী, দলের কয়েকজন নেতা ও সাংসদ এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আসেম সম্মেলন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘এই সম্মেলনে আমি জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও সন্ত্রাসবাদ নিয়ে কথা বলেছি। বিশ্বনেতাদের আমি বলেছি, আমার সরকার কখনো সন্ত্রাসবাদ ও চরমপন্থাকে প্রশ্রয় দেবে না। বাংলাদেশের মাটি কখনোই অন্য দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। আমি একই সঙ্গে বলেছি, সন্ত্রাসী বা জঙ্গিদের কাছে আপনারা অস্ত্র বিক্রি করবেন না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দেড় লাখ বাংলাদেশিকে কাজের সুযোগ দেওয়ায় ধন্যবাদ দিয়েছি। একই সঙ্গে বাংলাদেশ থেকে কৃষিশ্রমিক বেশি করে নেওয়ার আবেদন জানিয়েছি।’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণমাধ্যম এখন পুরোপুরি স্বাধীন। আর সে কারণেই দেখবেন সারাক্ষণ টেলিভিশনে সরকারের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে। পৃথিবীর আর কোনো দেশে গণমাধ্যম এত স্বাধীনতা ভোগ করে না। আগে দেশে বেসরকারি টিভি ছিল না। আমরাই ক্ষমতায় এসে টিভি দিয়েছি। আমরা ৪১টি টিভি, ২৪টি এফএম রেডিও ৩২টি কমিউনিটি রেডিওর লাইসেন্স দিয়েছি। দেশে এখন ২৬টি টিভি চলছে। দেশে ১১ কোটি মোবাইল সিম ব্যবহার হচ্ছে। অথচ বিএনপির আমলে একটা মাত্র কোম্পানি ছিল, তাও তাদের নেতার।’