একটার পর একটা দুঃস্বপ্ন তাড়া করে ফিরছে স্বপ্নাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদা স্বপ্না
ফাইল ছবি

এক যুগের বেশি সময় ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন মাহমুদা স্বপ্না। চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। পরিস্থিতি এমন যে ওষুধ কেনার টাকাও জোগাড় হচ্ছে না।

স্বপ্নার স্বামী মো. নাজমুল হক ঢাকার একটি বেসরকারি কলেজের শিক্ষক। গ্রামের বাড়ি গাজীপুরে। তিনি বলেন, ২০০৮ সালে তাঁর স্ত্রীর শ্বাসকষ্ট শুরু। ২০১৪ সালে স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) হয়। চিকিৎসায় কিছুটা সুস্থ হওয়ার পর আবার মেরুদণ্ড ও কোমরের সমস্যায় দীর্ঘদিন শয্যাশায়ী হয়ে আছেন। এরই মধ্যে ধরা পড়েছে থ্যালাসেমিয়া।

থ্যালাসেমিয়ার কারণে দেশের চিকিৎসকেরা স্বপ্নার মেরুদণ্ড ও কোমরে অস্ত্রোপচার করতে অপারগতা প্রকাশ করেছেন বলে জানান শিক্ষক নাজমুল। তিনি বলেন, তাঁকে দ্রুত দেশের বাইরে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

দুই শিশুসন্তানের মা স্বপ্না। বড় মেয়ে সাইফা ইসলাম (১৪) পড়াশোনা করছে অষ্টম শ্রেণিতে। ছোট মেয়ে সাইদা ইসলাম (৮) তৃতীয় শ্রেণির ছাত্রী। স্বপ্না বলেন, দুই মেয়ের জন্য বেঁচে থাকতে চান তিনি। চিকিৎসার জন্য যেতে চান বিদেশে। কিন্তু হাতে টাকা নেই।

একই কথা স্বামী নাজমুলের। তিনি বলেন, স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে এরই মধ্যে ঋণে জর্জরিত হয়ে পড়েছেন তিনি। এখন ওষুধের টাকা জোগাড় করতে পারছেন না। দুই সন্তানের পড়াশোনাও বন্ধের পথে। তা ছাড়া তিনি নিজে হৃদ্‌রোগ ও উচ্চ রক্তচাপে ভুগছেন।

স্ত্রীকে বাঁচাতে অসহায় এই শিক্ষক সবার সহায়তার দিকে তাকিয়ে আছেন। অন্যের সহানুভূতি পারে সংগ্রামী এই শিক্ষকের পরিবার আবার ফিরিয়ে আনতে স্বাভাবিক জীবনযাপনে।

সহায়তা পাঠাতে পারেন এই ঠিকানায়: মো. নাজমুল হক, ব্যাংক হিসাব: ২৫৮ ১৫১ ২৫১১১, ডাচ্-বাংলা ব্যাংক লি., মোহাম্মদপুর শাখা, ঢাকা-১২০৭। বিকাশ ও নগদে (পারসোনাল) সহায়তা পাঠানো যাবে। নম্বর: ০১৭১৬-৪৫১৭৯২।