একটি অপসারিত কাজ বন্ধ রয়েছে অন্যটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহা-গড়ায় মধুমতী নদীর মূল প্রবাহে আড়াআড়িভাবে দেওয়া বাঁশের দুটি ‘ব্লক বাঁধের’ মধ্যে বেলটিয়া ঘাটের বাঁধ এখনো পুরোপুরি অপসারণ করেননি জেলেরা। ধানাইড় ঘাটের বাঁধটি অপসারণ করা হয়েছে। গত বুধবার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘মধুমতীতেও বাঁশের বাঁধ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর শনিবার থেকে বাঁধ দুটি অপসারণের কাজ শুরু হয়।গত রোববার দুপুরে ধানাইড় ঘাটে গিয়ে দেখা গেছে, এ ঘাটে আড়াআড়ি দেওয়া বাঁধটির জাল ও বাঁশ সম্পূর্ণভাবে অপসারণ করা হয়েছে। বেলটিয়া ঘাটের বাঁধ অপসারণের কাজ জেলেরা শনিবার সকাল থেকে শুরু করলেও এখন কাজ বন্ধ রয়েছে। রোববার দুপুরে সেখানে গিয়ে দেখা গেছে, শনিবার দুপুরে বাঁধ যেটুকু অপসারণ করা হয়, কাজ সেখানেই থেমে আছে। জেলেরা অপসারণের কাজ বন্ধ রেখেছেন। বাঁধের জেলে চয়ন বিশ্বাস ও কিরণ বলেন, ‘কাজ বন্ধ রেখেছি। দেখি, কোনোভাবে অপসারণের কাজ ঠেকানো যায় কি না।’লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘রোববার বিকেলে দুটি বাঁধই পরিদর্শন করেছি। ধানাইড় ঘাটের বাঁধটি পুরোপুরি অপসারণ করা হয়েছে। কিন্তু বেলটিয়া ঘাটের বাঁধ অপসারণের কাজ বন্ধ রেখেছে জেলেরা। রোববারের মধ্যেই বাঁধ থেকে বাঁশ ও সরঞ্জাম তুলে নেওয়ার কথা বলেছিল জেলেরা; কিন্তু তা তারা করেনি। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’