একটি অবৈধ ইটভাটার কাছে জিম্মি আদিবাসীরা
বান্দরবানে গুংগুরু খিয়াংপাড়া এলাকায় একটি অবৈধ ইটভাটার কাছে গুংগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সেখানে বসবাসরত খিয়াং আদিবাসীরা জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার ওই ইটভাটায় অবাধে কাঠ পোড়ানোর ছবি তোলার সময় সাংবাদিককে লাঞ্ছিত করা হয়। ঘটনার প্রতিবাদে ও সারা দেশে সাংবাদিক নির্যাতনের বন্ধের দাবিতে আজ সোমবার স্থানীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকেরা মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন।
গুংগুরুর খিয়াং আদিবাসীরা অভিযোগ করেছেন, এবিসি নামে অবৈধ ইটভাটা ও ইটভাটার মালিক মোহাম্মদ ইসলামের কাছে তাঁরা আট বছর ধরে জিম্মি রয়েছেন।
জেলা সদর থেকে প্রায় নয় কিলোমিটার দূরে গুংগুরু পাড়ায় গিয়ে দেখা যায়, ইটভাটার বিষাক্ত ধোঁয়া বিদ্যালয়ের ওপর দিয়ে উড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকেরা বলেছেন, ইটভাটা চালু হলে ডিসেম্বর-এপ্রিল মাসে তাঁরা বিদ্যালয়ে স্বাভাবিকভাবে পাঠদান ও শিশুরা পাঠ গ্রহণ করতে পারে না। খিয়াং ছাত্র পরিষদের সভাপতি হ্লামং খিয়াং বলেছেন, তাঁরা কয়েক বছর ধরে ইটভাটা বন্ধের জন্য মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ করে আসছেন। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। ইটভাটায় জ্বালানি কাঠ ও কৃষিজমির মাটির ছবি তুলতে গেলে শ্রমিক সরদার পরিচয়দানকারী মৌলভি শহর আলী ওরফে তাজুল সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমাকে অকথ্য ভাষায় গালাগালাজ ও হামলার চেষ্টা চালান। পরে আবার ভাটার মালিক মোহাম্মদ ইসলামের সামনে তাঁকে লাঞ্ছিত করেন।
শ্রমিকেরা জানিয়েছেন, কৃষিজমি থেকে মাটি নিয়ে আসা হচ্ছে। প্রতি মণ ৬০ টাকা করে সরকারি বনাঞ্চল থেকে বিভিন্নজনের মাধ্যমে জ্বালানি কাঠ নিয়ে আসা হয়। একদিনে ইটভাটায় সাড়ে তিন শ মণ জ্বালানি কাঠ পোড়ানো হয়। ইটভাটার মালিক মোহাম্মদ ইসলাম ইটভাটার বৈধতা সম্পর্কে কোনো কিছু জানাতে পারেননি। তাঁর ইটভাটা বৈধ কি না জেলা প্রশাসকের কার্যালয়ে খোঁজ নিতে বলেন। বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মিনারুল হক বলেছেন, প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন অবৈধ ইটভাটা ও অবাধে কাঠ পোড়ানো বন্ধ করতে হবে। এ জন্য আজ মানববন্ধন ও সমাবেশ করা হবে। জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম বলেছেন, বান্দরবান পার্বত্য জেলায় একটিও বৈধ ইটভাটা নেই। ইটভাটাগুলোর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।