একটি অ্যাম্বুলেন্স পর্যন্ত নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রী বা গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমন থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবল ম্যাচসহ বিভিন্ন প্রয়োজনে সব সময়ই মেডিকেল টিম গঠন করতে হয় সিভিল সার্জনের কার্যালয়কে। অথচ সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে কোনো অ্যাম্বুলেন্সই নেই।
জরুরি প্রয়োজন মেটাতে প্রায়ই সিলেট জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো থেকে ধার করে আনা অ্যাম্বুলেন্স মেডিকেল টিমের কাজে ব্যবহৃত হয়। শুধু অ্যাম্বুলেন্স সংকটই নয়, এ রকম বিভিন্ন সমস্যায় ধুঁকছে সিভিল সার্জনের এই কার্যালয়।
নগরের চৌহাট্টা এলাকায় ব্রিটিশ আমলে এই সিভিল সার্জনের কার্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এর পর থেকে টিনশেডের সেমিপাকা বাংলো-ধরনের কার্যালয়টি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। তিন কক্ষের এই ভবনে জায়গার সংকুলান না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের গাদাগাদি করে বসতে হয়। এর বাইরে একটি দোতলা পাকা ভবন থাকলেও সেখানে শুধু ভ্যাকসিন রাখা এবং সভা-সেমিনারের কাজ চলে।
কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জানান, জরাজীর্ণ কার্যালয় ভবনের টিনে অসংখ্য ছিদ্র আছে। বৃষ্টি হলেই পানি ঢুকে জরুরি কাগজপত্র নষ্ট হয়ে যায়। এ ছাড়া পর্যাপ্ত শৌচাগার নেই। বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে। একটি গভীর নলকূপ থাকলেও সেটি প্রায়ই বিকল হয়ে পড়ে।
জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বণিক জানান, বহুদিনের পুরোনো বিদ্যুৎ-সংযোগের তারটির জরাজীর্ণ অবস্থা। প্রায়ই বিদ্যুৎ থাকে না। এতে রেফ্রিজারেটরে সংরক্ষণ করা ভ্যাকসিন নিয়ে সমস্যায় পড়তে হয়। পার্কিংয়ের জায়গা না থাকায় কার্যালয়ে আসা লোকজন গাড়ি ও মোটরসাইকেল ঠিকমতো রাখতে পারেন না।
সিভিল সার্জন মো. আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অ্যাম্বুলেন্স না থাকায় আমাদের ভুগতে হচ্ছে বেশি। এর বাইরে প্রয়োজনীয় ভবন, শৌচাগার ও পানির অভাব রয়েছে। এসব বিষয় স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের একাধিকবার জানানো হয়েছে। তবে সংকট সত্ত্বেও আমরা সুষ্ঠুভাবে কার্যক্রম চালাচ্ছি। সমস্যার সমাধান হলে কাজে আরও গতি আসবে।’