একটি আসন পেতে লড়বেন গড়ে ৩৯ জন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসন পেতে গড়ে ৩৯ জন পরীক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেবেন। আগামী ১৫ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত আটটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্র আরও জানায়, বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয় গত ১৩ সেপ্টেম্বর। আর গত ১৫ অক্টোবর আবেদন শেষ হয়। এ বছর বিশ্ববিদ্যালয়ের আটটি ইউনিটে অধীন এক হাজার ৬৯৫টি আসনের বিপরীতে ৬৪ হাজার ৭৮০ জন পরীক্ষার্থী আবেদন করেছেন।
ভর্তি কমিটি আরও জানায়, এ বছর এ-ইউনিটে ২ হাজার ১৫৯ জন, বি-ইউনিটে ১৪ হাজার ২৮০ জন, সি-ইউনিটে ১২ হাজার ৯৬৬ জন, ডি-ইউনিটে ৪ হাজার ৪৯৪ জন, ই-ইউনিটে ৯ হাজার ২০৫ জন, এফ-ইউনিটে ২ হাজার ১০ জন, জি-ইউনিটে ৯ হাজার ৬৬১ জন এবং এইচ-ইউনিটে ৫ হাজার ৬০১ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd তে পাওয়া যাবে।