একটি আসনে নির্বাচন করতে চান আতিক
হবিগঞ্জ-১ ও ৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী এবং দলের সভাপতিমণ্ডলীর সদস্য আতিকুর রহমান আতিক বলেছেন, দল তাঁকে দুটি আসনে মনোনয়ন দিলেও মূলত তিনি একটি আসনেই নির্বাচন করতে চান। তাঁর ইচ্ছা হবিগঞ্জ-৩ আসনে নির্বাচন করার। তারপরও মহাজোট তাঁকে এই দুটি আসনের যেকোনো একটি দিলেও তাঁর আপত্তি নেই। গতকাল রোববার হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আতিকুর রহমান হবিগঞ্জ জেলা জাপার সভাপতি পদেও আছেন। তাঁকে দুটি আসনে মনোনয়ন দিলে এলাকার ভোটার ও তাঁর দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় তাঁর নির্বাচনী এলাকা নিয়ে। দুটি আসনেই তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আতিকুর রহমান বলেন, হবিগঞ্জ-৩ আসনের মানুষের সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক। এর আগেও তিনি এই আসন থেকে জাতীয় নির্বাচন করেছেন। দলের চেয়ারম্যান অসুস্থ থাকায় এখনো মহাজোটের আসনগুলো নির্ধারণ হয়নি। দল বা মহাজোট হবিগঞ্জ-১ বা হবিগঞ্জ-৩—এই দুটি আসনের মধ্যে যেকোনো একটি আসনে তাঁকে দেবে বলে তিনি আশাবাদী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি আবদুল মুক্তাদির চৌধুরী, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবিদুর রহমান প্রমুখ।