একটি আসনে পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিবুল হাসান চৌধুরী
মহিবুল হাসান চৌধুরী

চট্টগ্রামে একটি ছাড়া বাকি ১৫টি আসনেই বর্তমান সাংসদেরা মহাজোটের প্রার্থী হচ্ছেন। পরিবর্তন হয়েছে শুধু চট্টগ্রাম–৯ (কোতোয়ালি–বাকলিয়া) আসনে। সেখানে জাতীয় পার্টির সাংসদের জায়গায় মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলকে।

দলীয় একটি সূত্র জানিয়েছে, পুরোনো ১৫ জনের মনোনয়ন বহাল থাকলেও দুটি আসনে বিকল্প প্রার্থী রেখেছে আওয়ামী লীগ। যেমন চট্টগ্রাম–১১ আসনে বর্তমান সাংসদ এম এ লতিফের সঙ্গে নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম এবং চট্টগ্রাম–১০ আসনে আফছারুল আমীনের সঙ্গে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমকে বিকল্প প্রার্থী হিসেবে রাখা হয়েছে। তবে কেন্দ্রীয় নেতারা বিষয়টি নিয়ে মুখ খুলছেন না। খোরশেদ আলমও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

গতকাল রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া হয়। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই চিঠি বিতরণ করেন।

চট্টগ্রামে আওয়ামী লীগের সাংসদ ১২ জন। আর মহাজোটের শরিক জাতীয় পার্টি, তরিকত ফেডারেশন ও জাসদের আছেন চারজন। কিন্তু জাতীয় পার্টির দুজনের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে চট্টগ্রাম–৯ থেকে সরিয়ে কক্সবাজারে (সদর–রামু) মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রাম–৯ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে মহিবুল হাসানকে। তিনি প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে।

দলের কেন্দ্রীয় এক নেতা প্রথম আলোকে জানান, এই তালিকাও চূড়ান্ত নয়। যেকোনো মুহূর্তে যেকোনো আসনে পরিবর্তন আসতে পারে।

চট্টগ্রাম–৭ আসনের সাংসদ ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, বৃহত্তর চট্টগ্রামে ১৫ আসনে প্রার্থী বদল হচ্ছে না। তবে আওয়ামী লীগ চট্টগ্রামসহ সারা দেশে বিপুল সংখ্যাধিক্যে নিয়ে জয় পাবে। কারণ, গত ১০ বছরে দেশে এবং বৃহত্তর চট্টগ্রামে যে উন্নয়ন হয়েছে এতে প্রতিটি মানুষের উপার্জন বৃদ্ধি এবং ভাগ্যের পরিবর্তন ঘটেছে।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আবদুল্লাহ কবীর লিটন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া ব্যক্ত করে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন। যদিও এর আগে একটি সংবাদ সম্মেলনে তিনি মোস্তাফিজুর রহমানের কঠোর সমালোচনা করেছিলেন।