একটি আসনেও মনোনয়ন পেলেন না লতিফ খান

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা লে. কর্নেল (অব.) আবদুল লতিফ খান দুটি আসনে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু একটিতেও তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি।
আবদুল লতিফ নওগাঁ-৫ (সদর) ও নওগাঁ-৬ (রানীনগর ও আত্রাই) আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এ কারণে দুটি আসনেই দলের মনোনয়ন ফরম কিনেছিলেন। গত সোমবার নওগাঁর ছয়টি আসনে দলীয় প্রার্থীদের চিঠি দেওয়া হয়। সেখানে তাঁর নাম না দেখে বিস্মিত হন কর্মী-সমর্থকেরা। কয়েকজন কর্মী-সমর্থক বলেন, দুটি আসনে না হোক, অন্তত একটি আসনে লতিফ খানের দলীয় মনোনয়নের ব্যাপারে তাঁরা আশাবাদী ছিলেন। কিন্তু তিনি মনোনয়ন পাননি। এ ঘটনা তাঁদের মর্মাহত করেছে।
আবদুল লতিফ খান ২০০৮ সালে নওগাঁ-৫ আসন থেকে সংসদ নির্বাচন করেছিলেন। তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের কাছে তিনি পরাজিত হন। তবে এবারও এলাকার প্রভাবশালী প্রার্থী হিসেবে তাঁর নাম আলোচনায় ছিল।
নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু ও নজমুল হক সনি চিঠি পেয়েছেন।
নওগাঁ-৬ (রানীনগর ও আত্রাই) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী হিসেবে চিঠি পেয়েছেন সাবেক সাংসদ আলমগীর কবির ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি রেজাউল ইসলাম।
এ বিষয়ে গতকাল মঙ্গলবার বিকেলে মুঠোফোনে জানতে চাইলে লতিফ খান প্রথম আলোকে বলেন, ‘এখনো সুযোগ আছে। আমি এখনো আশাবাদী। হাল ছাড়ব না। শেষ সুযোগ থাকা পর্যন্ত দলীয় মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা করে যাব।’