ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের দুস্থদের জন্য মাত্র ১০টি করে কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ কম থাকায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানেরা এই শীতবস্ত্র গ্রহণ করতে চাইছেন না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, ৯ ডিসেম্বর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য ৯৫০টি কম্বল বরাদ্দ দেওয়া হয়। উপজেলা মানবিক সহায়তা কমিটির মাধ্যমে এসব কম্বল বিতরণের নিয়ম রয়েছে।
কিন্তু গত ১৫ ডিসেম্বর স্থানীয় সংসদ সদস্য মো. ফখরুল ইমাম পিআইও কার্যালয়ে একটি তালিকা পাঠান। ওই তালিকায় ১১টি ইউনিয়নের জন্য মাত্র ১১০টি কম্বল দেওয়া হয়েছে।
সাংসদ নিজে বিতরণের জন্য রেখেছেন ২৫৫টি, পৌরসভার জন্য ২৫টি, উপজেলা পরিষদের জন্য ১৮০টি, মুক্তিযোদ্ধা সংসদের জন্য ৫০টি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের জন্য ২৬০টি কম্বল রাখা হয়েছে। উপজেলা প্রশাসনকে দেওয়া হয়েছে ৭০টি কম্বল।
মানবিক সহায়তা কমিটির দুজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই সহায়তা কমিটি প্রতিবছর সভা করে সরকারি বরাদ্দ হিসেবে শীতবস্ত্র বিতরণে সিদ্ধান্ত নেয়। কিন্তু এবার কমিটিকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অবস্থায় শীতবস্ত্র বিতরণে এই কমিটি রেখে কোনো লাভ নেই।
উপজেলার উচাখিলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, এত দুস্থ ও শীতার্তদের কাছে মাত্র ১০টি কম্বল নিয়ে যাওয়া যায় না। এতে ঝামেলা হওয়ার আশঙ্কা থাকে। মাইজবাগ ইউপি চেয়ারম্যান মো. ফরিদ মিয়া বলেন, তিনি শীতবস্ত্র বরাদ্দের বিষয়ে কিছুই জানেন না।
চেয়ারম্যান সমিতির সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান হারিছ উদ্দিন আহাম্মদ বলেন, বিতরণের জন্য মাত্র ১০টি কম্বল দিয়ে জনপ্রতিনিধিদের পাশাপাশি দুস্থদের সঙ্গে পরিহাস করা হয়েছে এবং বিতরণের নিয়মও উপেক্ষা করা হয়েছে।
সাংসদ ফখরুল ইমাম সাংবাদিকদের বলেন, কম্বলগুলো দুস্থরাই পাবেন। এটা নিয়ে বিতর্ক করার কিছু নেই।
পিআইও মো. আবদুস সোবহান বলেন, মানবিক সহায়তা কমিটির মাধ্যমে শীতবস্ত্র বিতরণের নিয়ম থাকলেও সাংসদের দেওয়া তালিকা উপেক্ষা করা যায় না। তিনি ওই কমিটির উপদেষ্টা। তবে ইউপি চেয়ারম্যানেরা এখনো কম্বল নিতে আসেননি।