ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের চাড়াখালী গ্রামের গড়ইয়া নদীর ওপর নির্মিত সেতুটি গত ১৫ মার্চ ভেঙে যায়। এ ছাড়া শুক্তাগড় ইউনিয়নের সাংগর-জগন্নাথপুর সেতুটির আরসিসি পাটাতন দেড় বছর আগে ভেঙে পড়ে। ভাঙা ওই সেতু দুটি মেরামত বা পুনর্নির্মাণের জন্য এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি।এদিকে ওই সেতু দুটি ভেঙে পড়ার পর থেকে চারটি ইউনিয়নের ১৫টি গ্রামের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে গ্রামগুলোর বাসিন্দারা।চাড়াখালী গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০২ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গড়ইয়া নদীর ওপর সেতুটি নির্মাণ করে। ১৫ মার্চ সেতুটি ভেঙে পড়ার পর স্থানীয় লোকজন সুপারিগাছ ও বাঁশ দিয়ে সাঁকো তৈরি করেন। রাজাপুর সদর, গালুয়া ও সাতুরিয়া ইউনিয়নের স্কুল, মাদ্রাসা, কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ জনগণ আপাতত সাঁকো দিয়েই যাতায়াত করছে। এতে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। সাতুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান বলেন, সেতু ভেঙে পড়ায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। ফলে রাজাপুর সদর ইউনিয়ন, গালুয়া ও সাতুরিয়া—এ তিন ইউনিয়নের অভ্যন্তরীণ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। শুক্তাগড় ইউনিয়নের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০-১২ বছর আগে ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় সাংগর-জগন্নাথপুর খালের ওপর সেতু নির্মাণ করে এলজিইডি। প্রায় দেড় বছর আগে সেতুর তিনটি স্থানে আরসিসি পাটাতন ভেঙে যায়। এরপর আস্তে আস্তে অধিকাংশ পাটাতন ভেঙে খালে পড়ে যায়।এলজিইডির রাজাপুর উপজেলা প্রকৌশলী লুৎফর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত চাড়াখালী সেতু মেরামতের জন্য একটি প্রকল্প উপজেলা পরিষদ অনুমোদন করেছে। মাস খানেকের মধ্যে ঠিকাদার নিয়োগ করে মেরামতকাজ শুরু করা হবে। শুক্তাগড় ইউনিয়নের সাংগর-জগন্নাথপুর সেতু সম্পর্কে তিনি বলেন, ওই ইউনিয়নের বেশ কিছু সেতু মেরামতের প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।