
২০০৪ সাল। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ থেকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় একটি এক্স-রে যন্ত্র। কিন্তু যন্ত্রটি বসানোর জন্য তখন অতিরিক্ত কোনো কক্ষ ছিল না স্বাস্থ্য কমপ্লেক্সে। ফলে যন্ত্রটি বাক্সবন্দী করে ফেলে রাখা হয়। এভাবে কেটে যায় প্রায় আট বছর।
২০১২ সাল। এত দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন কক্ষ নির্মিত হয়েছে। বাক্সবন্দী দশা থেকে মুক্ত হয়েছে এক্স-রে যন্ত্রটিও। ওই বছরের ১৮ জুন নতুন সেই কক্ষে যন্ত্রটি স্থাপন করা হয়।
২০১৬ সাল। বাক্সবন্দী দশা থেকে এক্স-রে যন্ত্রটি এখন কক্ষবন্দী। চার বছর ধরে এ অবস্থা চলছে। একযুগে এক্স-রে যন্ত্রটি একবারের জন্যও রোগ নির্ণয়ের কাজে লাগেনি।
ওপরে উল্লেখ করা তথ্য স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে পাওয়া। এটি কবে নাগাদ চালু করা হবে, তাও বলতে পারেননি স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল কোনো কর্মকর্তা।
এক্স-রে কক্ষের দায়িত্বপ্রাপ্ত রেডিওলজিস্ট সোহেল চাকমা বলেন, এক্স-রে যন্ত্রটি এখন চালানোর মতো অবস্থায় রয়েছে কি না বলা মুশকিল। কারণ, যন্ত্রটি স্থাপনের পর গত একযুগে একবারের জন্য এটি চালু করা হয়নি। গত চার বছরে এক্স-রে কক্ষের দরজাও নষ্ট হয়ে গেছে। যেকোনো সময় দরজাটি ভেঙে পড়তে পারে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্র চালু করা নিয়ে জেলা পরিষদের সভায় কয়েকবার আলোচনা করা হয়েছে বলে জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা।
এ বিষয়ে দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, এক্স-রে যন্ত্রটি চালু হলে শুধু দীঘিনালা নয়, রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার একাংশের মানুষও উপকার পাবে। বিষয়টি নিয়ে উপজেলার মাসিক সমন্বয় সভাতেও কয়েকবার আলোচনা করা হয়েছে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকেও জানানো হয়েছে। এরপরও গত একযুগেও এক্স-রে যন্ত্রটি চালু না হওয়ার ঘটনা দুঃখজনক।
জানতে চাইলে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউর রহমান খান বলেন, এলাকার বিদ্যুৎ সমস্যার সমাধান হবে না হলে এক্স-রে যন্ত্রটি কোনোভাবেই চালানো সম্ভব হবে না। যেখানে লো-ভোল্টেজের কারণে বৈদ্যুতিক পাখাই ঘোরে না, সেখানে এক্স-রে যন্ত্র কীভাবে চলবে? এক্স-রে যন্ত্রটি চালানোর মতো পর্যাপ্ত বৈদ্যুতিক ভোল্টেজ দীঘিনালায় নেই।
এ বিষয়ে দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী যত্নœমানিক চাকমা বলেন, এক্স-রে যন্ত্রটি চালু করার জন্য ১৮০-২০০ ভোল্ট ক্ষমতার বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু দীঘিনালায় ১০০-১৩০-এর মধ্যে বিদ্যুতের ভোল্ট ওঠানামা করে। অবশ্য ২০০৪ সালে ভোল্টেজের অবস্থা ভালো ছিল। তখন দীঘিনালা উপকেন্দ্রের আওতাধীন গ্রাহক ছিল আড়াই হাজার। এখন গ্রাহকের সংখ্যা সাড়ে ১২ হাজার। খাগড়াছড়ি গ্রিড স্টেশন না হওয়া পর্যন্ত ভোল্টেজ সমস্যার উন্নতি হবে না।