একটি ওয়ার্ডে বোতাম টিপে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডের মধ্যে একটিতে (২১ নম্বর জামালখান ওয়ার্ড) ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কমিশন ৭৯টি ইভিএম গতকাল বুধবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে পাঠিয়েছে। দেশে এ ধরনের নির্বাচনে এই প্রথম ইভিএমে বোতাম টিপে ভোট গ্রহণ হচ্ছে।নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রযুক্তিনির্ভর নতুন এই পদ্ধতির ত্রুটি-বিচ্যুতি শনাক্ত করতে কাল শুক্রবার ও পরদিন শনিবার জামালখান ওয়ার্ডের সব কেন্দ্রে মহড়া (মক ভোটিং) হবে। আসল ভোট গ্রহণ হবে ১৭ জুন সিটি নির্বাচনের দিনে। জামালখান ওয়ার্ডে মোট ভোটার ২৫ হাজারের সামান্য বেশি। এই ওয়ার্ডের ভোট গ্রহণে নিয়োজিত ২৮৫ জন কর্মকর্তার জন্য আজ বৃহস্পতিবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা জানান, জামালখান ওয়ার্ডের আটটি প্রতিষ্ঠানের ১৪টি ভোটকেন্দ্রের মোট ৭৯টি বুথে ইভিএম দিয়ে ভোট গ্রহণ করা হবে। প্রতিটি বুথে থাকবে একটি করে যন্ত্র। ভোটার বুথে ঢুকে যন্ত্রে পছন্দের প্রার্থীর নাম ও তাঁর প্রতীকের পাশে থাকা বোতাম (সুইচ) টিপে ভোটাধিকার প্রয়োগ করবেন। একটি বুথে মোট কত ভোট গ্রহণ করা হলো তা বাইরে রাখা ডিসপ্লে বোর্ডে দেখা যাবে। তবে কোন প্রার্থী কত ভোট পেলেন তা এই বোর্ডে দেখা যাবে না। এটা জমা থাকবে যন্ত্রের মেমোরি কার্ডে। ভোট গণনার সময় এই মেমোরি কার্ড ব্যবহার করা হবে।ইভিএমে যেভাবে ভোট: সূত্র জানায়, ভোটাররা কেন্দ্রে প্রবেশ করলে স্বাভাবিক নিয়মে তাঁর ভোটার নম্বর ও ছবি যাচাই করবেন পোলিং কর্মকর্তারা। যাচাই শেষে ভোটার বুথে গিয়ে ইভিএমে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরদের জন্য তিনটি আলাদা সারি দেখবেন। প্রতি সারিতে সংশ্লিষ্ট পদে প্রার্থীদের নাম ও প্রতীক রয়েছে। ভোটার নিজের পছন্দের প্রার্থীর নাম ও প্রতীকের পাশে রাখা বোতাম টিপলে যন্ত্র ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানান দেবে।সহকারী রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার প্রথম আলোকে বলেন, শুধু বোতাম টিপে ভোট দিতে হবে বলে এই পদ্ধতিতে ভোট গ্রহণে সময় কম লাগবে।