একটি কক্ষ, স্মৃতির জাদুঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোমার আসন শূন্য আজি—বিপ্লবী বিনোদ বিহারীর শয়নকক্ষে খাটের এক পাশে তাঁর প্রতিকৃতি। এই ঘরেই কেটেছে বিপ্লবীর শেষ দিনগুলো। সেই খাট, সেই সোফা আর মানুষের শ্রদ্ধা-ভালোবাসার স্মারক ক্রেস্টগুলো বহন করে চলেছে তাঁর স্মৃতি  সৌরভ দাশ
তোমার আসন শূন্য আজি—বিপ্লবী বিনোদ বিহারীর শয়নকক্ষে খাটের এক পাশে তাঁর প্রতিকৃতি। এই ঘরেই কেটেছে বিপ্লবীর শেষ দিনগুলো। সেই খাট, সেই সোফা আর মানুষের শ্রদ্ধা-ভালোবাসার স্মারক ক্রেস্টগুলো বহন করে চলেছে তাঁর স্মৃতি সৌরভ দাশ

১৩ ফুট বাই ১২ ফুট। ১২০ মোমিন রোডের দোতলা বাড়িটির নিচের তলার একটি কক্ষ। দুই পাশে দুটো সিঙ্গেল খাট। একটি ডবল আর দুটি সিঙ্গেল সোফা, একটি শোকেস, একটি বইভর্তি কাঠের আলমিরা, ১২ ইঞ্চির একটি টেলিভিশন। আর মানুষের শ্রদ্ধা- ভালোবাসার স্মৃতি ধরে রাখা চার দেয়ালে টাঙানো অসংখ্য মানপত্র। আলমিরা শোকেসের ওপর সাজানো আছে অনেক ক্রেস্ট। এসবের ভিড়ে এক কোণে পড়ে আছে একটি আবক্ষ মূর্তি। সবকিছু মিলিয়ে পরিবেশটা এমন জীবন্ত হয়ে আছে, এই ঘরের মানুষটি যে নেই তা আর মনেই হয় না। মানুষটির স্পর্শে খাটের কাঁথা-বালিশগুলো যেন এখনো উষ্ণ হয়ে আছে। যেন কোথাও কোনো কাজে বাইরে বেরিয়েছেন। সন্ধ্যা হলে আবার নিজের নিলয়ে ফিরে আসবেন।

এ রকম অনুভূতি বিনোদ বিহারী চৌধুরীর বাড়ির মানুষগুলোরও। বাড়িটির দোতলায় এখন বসবাস করছেন তাঁর ভাইপো অজিত দাশ। ২৮ ডিসেম্বর মোমিন রোডের বাড়িতে গিয়ে দেখা হলো তাঁর সঙ্গে। তিনি বললেন, ‘উনি যে নেই, সেটা মনেই হয় না। কাকুর ঘরের সবকিছু তিনি যেভাবে রেখেছিলেন সেভাবেই আমরা রেখে দিয়েছি। এটি এখন ইতিহাসের নীরব সাক্ষী। এই ঘরে দেশের সেরা সেরা মানুষের আগমন ঘটেছে। এখনো অনেকে আসেন। এই ঘরটি যেন এখন একটি স্মৃতির জাদুঘর।’

কত যুদ্ধ, মহামারি, মন্বন্তর, দাঙ্গা, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ, ভাষা আন্দোলন, গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধসহ বহু ঘটনার সঙ্গে একটা মানুষ যুক্ত ছিলেন। বাঙালির এক শ বছরের ইতিহাসের সঙ্গে সমান্তরালভাবে বয়ে গেছে তাঁর জীবন। মৃত্যুভয়কে তুচ্ছ করে যেকোনো অন্যায়, বৈষম্যের বিরুদ্ধে সরব থেকেছেন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। তাই ২০১৩ সালের ১১ এপ্রিল দেহত্যাগ করলেও বিপ্লবী বাঙালির হূদয়ে তিনি বারবার ফিরে ফিরে আসবেন। মনে হয়, প্রতিবছরের মতো এবারও ১০ জানুয়ারি তার তাঁর মোমিন রোডের বাড়িতে সমাজের নানা স্তরের লোকজনের ভিড় হবে। জন্মদিনের শুভেচ্ছার ফুলে ফুলে ঢেকে যাবে ঘরটি। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মানুষটি বলে উঠবেন তার সেই প্রিয় উক্তিটি—এ জীবন মধুময়/ মধুময় পৃথিবীর ধূলি/ অন্তরে নিয়েছি আমি তুমি। যেটি তিনি ২০১২ সালের ডায়রির পাতায় লিখে রেখেছেন। ঘরের অন্যান্য আসবাবের সঙ্গে সযত্নে রক্ষিত ডায়েরিটিতে সুখ-দুঃখের অনুভূতির কথা লিখে রেখেছেন তিনি। সে বছর জন্মদিনে তিনি লিখেছেন, ‘আজ আমার জন্মদিন। জন্ম হয়েছিল ১০-১-১৯১১—গ্রামের বাড়ি উত্তরভূর্ষী বোয়ালখালী থানা ও চট্টগ্রাম জেলা—বৃশ্চিক রাশি আমার। জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম। বন্ধুবান্ধব আত্মীয়স্বজন অনেকে ফুলেল (শুভেচ্ছা) জানিয়েছে। ...বিকালে সারদা সঙ্ঘ সঙ্গীত পরিবেশন করে, মৌসুমীর মেয়ে কবিতা আবৃত্তি করে, গান পরিবেশন করে ঊর্ম্মি, গোপার মেয়ে এবং আমার ভ্রাতুষ্পুত্রের স্ত্রী মিলি...’ জন্মদিনে তাঁকে ঘিরে একটা উৎসব হতো তার একটা চিত্র এখানে পাওয়া যায়।

উৎসব নিয়েও তাঁর ডায়েরিতে একটা মন্তব্য রয়েছে, ছোট কিন্তু মনে রাখার মতো, ‘সমষ্টির মিলন মেলাই হলো উৎসব।... জনসাধারণের সম্মিলিত আনন্দময় পরিবেশে উদার প্রাণের মাখামাখিতে হয় উৎসব।’

বিনোদ বিহারীর কর্মমুখর জীবনের সাক্ষী গৃহকর্মী বকুল দাশ। তিনি ৪২ বছর ধরে থেকেছেন তাঁর সঙ্গে। তিনি জানালেন, ‘জীবনের শেষের দিকে পুত্রের মৃত্যুতে একেবারে মুষড়ে পড়েছিলেন। ছেলেকে দেখতে কোলকাতা গিয়েছিলেন।’ বকুলের এই কথার সঙ্গে মিল পাওয়া যায় ২০১২ সালের ২৪ নভেম্বরে দিনপঞ্জির পাতায় লেখা অনুভূতিগুলোর। এখানে অকুতোভয় বিপ্লবী ও স্নেহময় পিতা বিনোদ বিহারীকে খুঁজে পাওয়া যায়, ‘আজ ভোর ৭টায় ঘুম থেকে উঠি। মুখ হাত ধুয়ে মা মণি শান্তর দেওয়া চা, বিস্কুট ও মুড়ি খাই। সারাদিন লোকের ভিড় ছিলো। অপরাহ্নে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, একজন বিধায়ক মি: লস্কর, বারাসাতের পৌর পিতা শ্রী সুনীল মুখার্জি এবং আরো অনেকে এসেছেন। অনেক ফুলের তোড়া, মালা, খাবারের প্যাকেট এসেছিল। মুখ্যমন্ত্রীর তরফ থেকেও এক প্যাকেট সন্দেশ খাদ্যমন্ত্রীর হাত দিয়ে পাঠানো হয়। সবাইকে আন্তরিক ধন্যবাদ দিই। বলেছিলাম অসুস্থ ছেলেকে দেখতে এসে পুত্রহারা হয়েছি। আমি রাজনীতি করি না। অনুগ্রহ করে রাজনীতির কোন প্রশ্ন জিজ্ঞেস করবেন না। আমার চট্টগ্রাম যুব বিদ্রোহের সংগে সম্পৃক্ততা নিয়ে কিছু কথা বলেছি এবং চট্টগ্রামের অভয় মিত্র শ্মশানে মাস্টার দা’র সঙ্গে সাক্ষাত হবার ঘটনা তাদের জানিয়ে দুটি শ্লোক আবৃত্তি করে বক্তব্য শেষ করেছি। তসবির মালা, পূজার থালা কিছুই লাগে না কাজে মানুষের সেবা মানুষ করিবে, আর সব কিছু জেনো বাজে।’