ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে পরিত্যক্ত হয়ে পড়েছে ১২ কক্ষের ভবন। তাই চার মাস ধরে দুই পালার ৩৮৭ জন শিক্ষার্থী মাত্র ছয়টি কক্ষে পড়াশোনা করছে। দিনাজপুরের ইকবাল হাই স্কুলে এখন একই সময়ে একটি কক্ষে তিনটি ক্লাস নেওয়া হচ্ছে।
গত মঙ্গলবার শহরের পাহাড়পুর এলাকার এ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, খেলার মাঠের উত্তর-দক্ষিণ ও পূর্ব দিকে তিনটি ভবন। এর মধ্যে পূর্ব দিকের দ্বিতল ভবনটি ৫ মের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে পরিত্যক্ত। দপ্তর, পাঠাগার, বিজ্ঞান গবেষণাগার বাদ দিয়ে দক্ষিণ দিকের ভবনের ছয়টি কক্ষে ক্লাস নেওয়া হয়।
দুপুরে ১৭ নম্বর কক্ষে গিয়ে দেখা যায়, কক্ষটির তিন দিকে তিনজন শিক্ষক তিনটি শ্রেণির ক্লাস নিচ্ছেন। এগুলো হলো দশম শ্রেণির কম্পিউটার, তৃতীয় শ্রেণির সমাজবিজ্ঞান ও দশম শ্রেণির কৃষিশিক্ষা ক্লাস। শিক্ষক হাসুকি রানী বললেন, শ্রেণিকক্ষে একটিই ব্ল্যাকবোর্ড। শিক্ষার্থীদের লিখে বোঝানো যায় না। আরেক শিক্ষক পরিমলেশ মল্লিক বললেন, নিচু স্বরে কথা বলতে হয়। অনেক সময় শিক্ষার্থীরা ভালো করে শুনতে পায় না। একসঙ্গে তিন শিক্ষক তিন রকম বোঝাচ্ছেন, শুনতে না চাইলেও সবার আলোচনা কানে আসে। প্রায়ই সময় শিক্ষার্থীরা নিজের পড়াটা ভালো করে বুঝতে পারে না। ওই ভবনের ১২ ও ১৭ নম্বর কক্ষগুলোতেও তিনটি করে ক্লাস নিতে দেখা যায়।
সহকারী শিক্ষক নাজনীন আফরোজা পারভেজ বলেন, আগে সকালের পালায় মেয়েদের ক্লাস আর বিকেলের পালায় ছেলেদের ক্লাস হতো। শ্রেণিকক্ষের সংকটের কারণে বর্তমানে একটি পালায় পড়াশোনা চলছে। আর এক কক্ষে একাধিক ক্লাস করানো ছাড়া উপায় নেই। নবম শ্রেণির পৌরবিজ্ঞানের শিক্ষক নিলুফার শারমিন বলেন, এক কক্ষে একসঙ্গে একাধিক শ্রেণির ক্লাস করতে গিয়ে মনোযোগের অসুবিধার পাশাপাশি বসার অসুবিধা হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।
প্রধান শিক্ষিকা সেলিমা সুলতানা জানান, মূল ভবনে ক্লাস চলাকালে গত ৫ মে ভূমিকম্প হয়। তখন ছাদের পলেস্তারা খসে অনেক শিক্ষার্থীর গায়ে পড়ে। আতঙ্কে তারা ছুটোছুটি করে বের হতে গিয়ে আহত হয়। এরপর শিক্ষার্থীরা ওই ভবনে ক্লাস করতে চাইছিল না। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত নিয়ে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
পরিচালনা কমিটির সভাপতি গোলাম নবী দুলাল বলেন, ভূমিকম্পের অনেক আগে থেকেই বিদ্যালয়ের ওই ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল। নতুন একটি ভবনের জন্য কর্তৃপক্ষের কাছে ভূমিকম্পের আগে ও পরে দুই দফা লিখিত আবেদন করা হয়েছে। চলতি অর্থবছরের মধ্যে একটি নতুন ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে দিনাজপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন গত মঙ্গলবার জানান, তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। জরুরি ভিত্তিতে সেখানে একটি ভবন করা প্রয়োজন। তিনি বিষয়টি শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।