একটি কক্ষে ভুল প্রশ্নপত্র বিতরণ, পরে সংশোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষায় নোয়াখালী সরকারি কলেজে কেন্দ্রের একটি কক্ষে পরীক্ষার্থীদের ২০১৭ সালের সিলেবাসের প্রশ্নের পরিবর্তে ২০১৬ সালের সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলাকালে কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরীক্ষা শুরুর প্রায় ২০ মিনিট পর ভুল শুধরে শিক্ষার্থীদের হাতে সঠিক প্রশ্ন তুলে দেওয়া হয়।
পরীক্ষা শেষে একাধিক পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলে, প্রশ্নপত্র হাতে পেয়ে দেখে সিলেবাস অনুযায়ী প্রশ্ন নেই। তাৎক্ষণিকভাবে কী করবে বুঝে উঠতে পারছিল না তারা। প্রশ্নের ওপরের অংশে লেখা ছিল ‘বাংলা আবশ্যিক (সৃজনশীল), ২০১৬ সালের সিলেবাস অনুযায়ী’। পরে একাধিক পরীক্ষার্থী প্রশ্নপত্রে বিভ্রাটের বিষয়টি কক্ষ পরিদর্শকদের নজরে আনে। কিন্তু তাঁরা (পরিদর্শক) শুরুতে বিষয়টি আমলে না নিয়ে বলেন, বোর্ড থেকে এভাবেই প্রশ্নপত্র এসেছে, কিছু করার নেই। এ অবস্থায় কোনো কোনো পরীক্ষার্থী ওই প্রশ্নেই উত্তর দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে প্রায় ২০ মিনিট পর কেন্দ্রের অফিসকক্ষ থেকে ২০১৭ সালের সিলেবাসের প্রশ্নপত্র এনে আবার বিতরণ করা হয়।
পরীক্ষার্থীরা অভিযোগ করে, ওই কক্ষের সব পরীক্ষার্থীই ছিল নতুন (২০১৭) সিলেবাসের। এরপরও পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর প্রায় ২০ মিনিট পর আসল প্রশ্নপত্র দেওয়া হলেও শেষের দিকে তাঁদের ওই পরিমাণ সময় দেওয়া হয়নি। যেটুকু সময় দেওয়া হয়েছে, তা বড়জোর ১০ মিনিট হবে।
কলেজের অধ্যক্ষ আল-হেলাল মো. মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, একসঙ্গে তিন বছরের সিলেবাসে (২০১৫, ১৬ ও ১৭) পরীক্ষা হওয়ার কারণেই অসাবধানতাবশত ভুলটি হয়েছে। একই কক্ষে একাধিক বছরের সিলেবাসের পরীক্ষার্থী থাকার কারণেই এমন ঘটনা ঘটতে পারে। তবে এতে পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হয়নি বলেও দাবি করেন তিনি।