একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, কয়েকটিতে ছুটি
অব্যাহত শ্রমিক অসন্তোষের কারণে ঢাকার আশুলিয়া থানা এলাকায় অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ডিইপিজেড এলাকার বাইরে সাভারের কলমা এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সহিংসতা এড়াতে গতকাল ওই এলাকার কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সাভার থানা ও শিল্প পুলিশ আশুলিয়া জোনের কর্মকর্তারা জানান, ডিইপিজেড এলাকার ভেতরে অবস্থিত আমরা এ্যাপারেলস্ লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা কিছুদিন ধরে পারিশ্রমিক বাড়ানোসহ কয়েকটি দাবি জানিয়ে আসছিলেন। কর্তৃপক্ষ তাঁদের দাবি পূরণে অপারগতা প্রকাশ করায় শ্রমিকরা মাঝেমধ্যেই বিক্ষোভ করে আসছেন। অব্যাহত শ্রমিক অসন্তোষের কারণে গতকাল কারখানাটির মূল ফটকে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়। শ্রমিকরা কর্মস্থলে এসে নোটিশ দেখে বাসায় চলে যান।শ্রমিকরা জানান, আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে শ্রমিকরা মঙ্গলবার বিক্ষোভ করেন। এর পরই কারখানাটিতে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ টানানো হয়। অন্যদিকে ছুটি ও হরতালের পর সাভারের কলমা এলাকার হট ড্রেস লিমিটেড নামের কারখানাটি গতকাল বুধবার খোলার পরপরই শ্রমিকরা বিক্ষোভ করেন। সকাল আটটার দিকে শ্রমিকরা কর্মস্থলে উপস্থিত হয়ে কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পরই বেশকিছু শ্রমিক সোয়েটারপ্রতি পারিশ্রমিক বাড়ানোসহ বিভিন্ন দাবিতে কাজ বন্ধ করে কারখানা থেকে বের হয়ে পড়েন। এরপর শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে আশপাশের কয়েকটি কারখানায় ঢিল ছুড়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের তাড়া করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ পর্যায়ে ওই এলাকার কয়েকটি কারখানার কর্তৃপক্ষ আতঙ্কে তাঁদের কারখানা গতকালের জন্য ছুটি ঘোষণা করে দেন।