একটি কারখানা বন্ধ আরেকটিতে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাঁটাইয়ের ঘটনায় শ্রমিকদের সঙ্গে বিরোধের জেরে গাজীপুরের রাগাডিয়া টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। কালিয়াকৈরের আরেকটি কারখানায় গতকাল সোমবার রাতে আগুন-আতঙ্ক দেখা দেয়। কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ২৪ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের কাঞ্জানুল এলাকার রাগাডিয়া টেক্সটাইল মিলে কয়েক দিন ধরে কর্মবিরতি ও বিক্ষোভ করছিলেন শ্রমিকেরা। ছাঁটাই প্রত্যাহারের দাবিতে রোববারও তাঁরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন। সন্ধ্যায় কারখানাস্থল ছেড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি এলাকায় অবরোধ করেন শ্রমিকেরা। শিল্প পুলিশের একটি দল তাঁদের লাঠিপেটা করে সড়ক থেকে হটিয়ে দেয়। রাতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ।রাগাডিয়া টেক্সটাইল মিলের মানবসম্পদ কর্মকর্তা আবদুল লতিফ বলেন, শৃঙ্খলা-পরিপন্থী কাজ করায় ২৪ শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়। এ জন্য কিছু দুষ্ট প্রকৃতির শ্রমিক মারমুখী হয়ে কারখানার পরিস্থিতি অশান্ত করে তোলেন। তাঁরা দুপুরের খাবার এবং প্রতিবছর দু-তিনটি ইনক্রিমেন্ট প্রদানের দাবি জানালেও পরে ২৪ শ্রমিকের ছাঁটাই প্রত্যাহারের দাবিতে আন্দোলন করতে থাকেন। নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতেই কারখানা বন্ধ করা হয়েছে।শিল্প পুলিশের গাজীপুর অঞ্চল-২-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় করনী নিট কম্পোজিট লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানায় গতকাল সোমবার রাতের পালার কাজ চলছিল। রাত ১০টার দিকে কারখানার চতুর্থ তলার সুইং সেকশনের একটি টিউবলাইট বিকট শব্দে ফেটে যায়। এতে বিদ্যুতের স্পার্কিং হওয়ায় শ্রমিকেরা ‘আগুন, আগুন’ বলে চিৎকার করেন। কারখানা কর্তৃপক্ষ দ্রুত আগুনের সংকেত চালু করলে শ্রমিকেরা হুড়োহুড়ি করে নামতে থাকেন। এ সময় কারখানার নারী শ্রমিকসহ পাঁচজন আহত হন। কারখানার কোয়ালিটি ম্যানেজার মো. সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আতঙ্ক সৃষ্টি হলেও আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি। শুধু রাতের জন্য কারখানায় ছুটি ঘোষণা করা হয়। মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, কারখানায় অতিরিক্ত পুলিশ রয়েছে।