মুন্সিগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তারপুরে ধলেশ্বরী নদীর পানি দূষিত করার দায়ে গতকাল শনিবার একটি কারখানাকে ৩৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। অপর একটি কারখানার কর্তৃপক্ষকে ঢাকায় তলব করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল সকালে আইডিয়াল টেক্সটাইল মিল এলাকায় অভিযান চালান। এ কারখানার তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় পাইপের মাধ্যমে সরাসরি ধলেশ্বরী নদীতে ফেলা হচ্ছিল। অভিযান শেষে বেলা একটার দিকে পরিবেশ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ে তাৎক্ষণিক শুনানির পর মুনীর চৌধুরী দণ্ড ঘোষণা করেন। এতে আইডিয়াল টেক্সটাইলকে ৩৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা, বর্জ্য শোধনাগার (ইটিপি) সম্পূর্ণ কার্যকর না হওয়া পর্যন্ত এর ডাইং ও প্রিন্টিং বন্ধ রাখা এবং ৩০ আগস্টের মধ্যে ইটিপি কার্যকরের নির্দেশ দেওয়া হয়। আজ রোববার দুপুর ১২টার মধ্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর জরিমানার টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় কারখানার গ্যাস, পানি ও বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা এবং মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।শুনানির সময় আইডিয়াল টেক্সটাইলের ব্যবস্থাপক শফিউল আলম ও প্রকৌশলী ক্ষিতীশ সরকার উপস্থিত ছিলেন। মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এদিকে একই এলাকার বর্ণালী টেক্সটাইল মিল কর্তৃপক্ষকে আজ বেলা ১১টায় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ঢাকায় পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। মুনীর চৌধুরী জানান, কারখানা দুটি গুরুতরভাবে পরিবেশ দূষণ করে চলেছে। এর আগে নোটিশ দেওয়া হলেও তারা শোনেনি। তারা নদী দখলও করেছে। স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে নদী দখলমুক্ত করা হবে।