দূষিত বর্জ্য ফেলে বংশাই নদীর পানিদূষণের অপরাধে ঢাকার ধামরাইয়ের দি ইমাকুলেট টেক্সটাইল লিমিটেড নামের একটি শিল্পকারখানাকে সাড়ে ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার এ জরিমানা করে। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, আকস্মিক অভিযান চালিয়ে কারখানাটির তরল বর্জ্য পরিশোধনাগারটি (ইটিপি) ত্রুটিযুক্ত পাওয়া যায়। এই অজুহাতে ইটিপি বন্ধ রেখে নর্দমা দিয়ে অপরিশোধিত তরল বর্জ্য বংশাই নদীতে ফেলা হচ্ছিল। এভাবে গত এক বছরে কারখানাটি থেকে নয় কোটি লিটারের বেশি দূষিত তরল বর্জ্য ফেলে নদীর পানি দূষণ করা হয়। পানি পরীক্ষা করে এর প্রমাণ পাওয়া যায়। নদীর পানির নমুনা গবেষণাগারে পরীক্ষা করে প্রতি লিটার পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ পাওয়া যায় শূন্য মিলিগ্রাম। আর সিওডি পাওয়া যায় ৫৮৮ মিলিগ্রাম, যা নদীর মৎস্য সম্পদ ও জলজ প্রাণীসহ পরিবেশের জন্য ভয়ানক বিপর্যয়কর। সূত্র জানায়, এসব অনিয়ম ও নদীদূষণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর কারখানার ব্যবস্থাপনা পরিচালক কাজী ইফতেখার আহমেদকে গতকাল পরিবেশ অধিদপ্তরে তলব করে সাড়ে ২৯ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে ইটিপি ত্রুটিমুক্ত করার সময় বেঁধে দেওয়া হয়। এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী বলেন, অভিযানের মাধ্যমে শিল্পোদ্যোক্তাদের মধ্যে পরিবেশ-সচেতনতা বাড়ানোর প্রয়াস চালানো হচ্ছে। পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে উদ্যোক্তাদের মানসিকতার পরিবর্তন করারও চেষ্টা করা হচ্ছে।