একটি কারখানায় বিক্ষোভ আরেকটি খোলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অবস্থিত ডেকো গ্রুপের পোশাকশ্রমিকেরা বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে গতকাল রোববারও বিক্ষোভ করেছেন। এ ছাড়া বন্ধ ছিল পূর্ব নরসিংহপুরের নিউ এজ কারখানাটি। এদিকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ভেতরে অবস্থিত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হেলিকন সোয়েটার লিমিটেডের শ্রমিকেরা নতুন করে কাজে যোগ দিয়েছেন।আশুলিয়া থানা, শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, বাৎসরিক বেতন বৃদ্ধির (ইনক্রিমেন্ট) দাবিতে ডেকো গ্রুপের পোশাক কারখানার শ্রমিকেরা শনিবার সকালে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। এতে কর্তৃপক্ষ বেলা দেড়টার দিকে ছুটি ঘোষণা করলে তাঁরা বাড়ি চলে যান। গতকাল তাঁরা কর্মস্থলে উপস্থিত হয়ে আবারও বিক্ষোভ দেখাতে থাকেন। কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসা করতে ব্যর্থ হন। পরে কারখানাটি আবারও ছুটি ঘোষণা করেন।শ্রমিক অসন্তোষের জের ধরে শনিবার বন্ধ হওয়া আশুলিয়ার পূর্ব নরসিংহপুরের নিউ এজ পোশাক কারখানাটি গতকালও খোলেনি। সকালে শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কারখানা বন্ধ থাকায় তাঁরা বাড়ি ফিরে যান।অন্যদিকে, সোয়েটারপ্রতি পারিশ্রমিক বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হেলিকন সোয়েটার লিমিটেড গতকাল খোলা হলে শ্রমিকেরা ফের কাজ শুরু করেন।আশুলিয়া থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল ও আশুলিয়া শিল্প পুলিশের পরিদর্শক মোখলেছুর রহমান জানান, ডেকো গ্রুপের কারখানা ছাড়া গতকাল আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। ওই কারখানার শ্রমিকদেরও বুঝিয়ে কাজে ফেরানোর চেষ্টা চলছে।