একটি কার্ড চান ফুলজান
ফুলজান বিবির বয়স প্রায় ১০০ বছর। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামের মৃত কোয়াজ আলীর স্ত্রী। বয়সের ভারে নুয়ে পড়েছেন। জীবনসায়াহ্নে এসে আজ তিনি অসহায়। দুবেলা দুমুঠো খাবারের জন্য তাঁকে দ্বারে দ্বারে ভিক্ষার জন্য ছুটতে হয়। অনাহারে শরীর তাঁর কঙ্কালসার। এই বয়সেও ফুলজানের কপালে জোটেনি বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতার কার্ড। একদিন ফুলজানের সবকিছুই ছিল। স্বামী, ছেলে ও জমিজমা। আজ তিনি একেবারেই নিঃস্ব। ভিক্ষা ছাড়া তাঁর অন্ন জোটে না। তিনি কানেও কম শোনেন। হাঁটার দম নেই। তার পরও শিশুর মতো নুয়ে হেঁটে বেড়ান। বেঁচে থাকার রসদ জোগাতে হাত পাতেন। প্রায় ৫০ বছর আগে ফুলজানের স্বামী মারা যান। তাঁর একমাত্র ছেলে নূর উদ্দিনও অন্ধ। নিজ ভিটে পর্যন্ত নেই। ছেলে বিয়ে করেছেন। ছেলের পক্ষে তাঁর স্ত্রী সন্তানের ভরণপোষণই জোগাড় করা সম্ভব না হওয়ায় তিনি মাকে দেখাশোনা করতে পারেন না। ফুলজান সারা বেলা ভিক্ষা করে সন্ধ্যায় অন্ধ ছেলের কাছে ফিরে যান। কখনো কখনো যেখানে রাত হয়, সেখানেই থাকেন। এ বয়সে কখন কী হয়, সে ভয়ে অনেকেই তাঁকে একটু আশ্রয়ও দিতে চান না। এ কারণে অনেক সময় তাঁকে বিভিন্ন স্কুল, অফিস চত্বর, বাড়ির আঙিনায়ও রাত কাটাতে হয়। এ অবস্থায় ফুলজান বয়স্ক ভাতা অথবা অন্য কোনো ধরনের সাহায্য চান। এ ব্যাপারে উপজেলার বড়হিত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহ জালাল বলেন, ‘এত বেশি বয়সের মহিলা এলাকায় আছেন, কেউ কোনো দিন তাঁকে জানাননি। কয়েক দিন আগে তো কার্ড করা হয়ে গেছে। এখন কেউ মারা গেলে তাঁকে কার্ডের ব্যবস্থা করে দেব। অন্যথায় পরবর্তী তালিকার জন্য অপেক্ষা করতে হবে।’