একটি কালভার্টের জন্য যত ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিডরে বিধ্বস্ত একটি কালভার্ট সংস্কার না করায় কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নের লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়েছে। কালভার্ট না থাকায় মাতারবাড়ি-জনতাবাজার সড়ক দিয়ে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। ফলে প্রতিদিন এলাকার মানুষ প্রায় এক কিলোমিটার কাদামাটি মাড়িয়ে মহেশখালী উপজেলাসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করছে। সন্ধ্যার পর এ সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে ছিনতাই ও ডাকাতির কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে তারা।সরেজমিনে দেখা গেছে, মাতারবাড়ি-মহেশখালী ব্রিজের পূর্ব পাশে সড়কের একটি কালভার্ট ভেঙে পড়ে আছে। এর ওপর দিয়ে গাড়ি পারাপার তো দূরের কথা, মানুষের যাতায়াতও অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উপকূলীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী জানান, কালভার্টটি সংস্কারে জনপ্রতিনিধিরা ভূমিকা রাখতে পারেন। উপজেলা উপসহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ প্রথম আলোকে জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে কালভার্টটি ভেঙে যায়। তবে বিধ্বস্ত কালভার্টটি নিলামের মাধ্যমে ভেঙে ফেলে ওই স্থানে মাটি ভরাট করার জন্য বেশ কয়েকবার দরপত্র আহ্বান করা হয়, কিন্তু কেউ নিলামে অংশ না নেওয়ায় বিধ্বস্ত কালভার্টটি ভেঙে ওই স্থানে সংস্কার করা সম্ভব হচ্ছে না।এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন জানান, কালভার্টটি সংস্কারের ব্যাপারে অনেকবার স্থানীয় সরকার প্রকৌশলী অফিসকে (এলজিইডি) নির্দেশ দেওয়া হলেও কোনো কাজ হয়নি।