একটি কৃত্রিম পা হলে কষ্ট কমে শিফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিফা আক্তারকে ক্র্যাচে ভর দিয়ে ছয় কিলোমটিার পথ পাড়ি দিয়ে স্কুলে যাতায়াত করতে হয়। গতকাল ছবিটি তুলেছেন খলিল রহমান
শিফা আক্তারকে ক্র্যাচে ভর দিয়ে ছয় কিলোমটিার পথ পাড়ি দিয়ে স্কুলে যাতায়াত করতে হয়। গতকাল ছবিটি তুলেছেন খলিল রহমান

শিফা আক্তারের (১২) জন্ম দরিদ্র পরিবারে। তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ নেই। ক্রাচে ভর দিয়ে চলাফেরা করে। সে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে তার স্কুল। তাই প্রতিদিন ছয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাকে স্কুলে যেতে-আসতে হয়।
শিফা আক্তারের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের রহমতপুর গ্রামে। বাবা আবু মিয়া দিনমজুর। বাবা-মা ও চার ভাইবোনের সংসার তাদের। ভাইবোনদের মধ্যে শিফা সবার বড়।
আবু মিয়া বলেন, জন্ম থেকেই শিফার ডান পায়ের হাঁটুর নিচ থেকে নেই। এভাবেই সে বেড়ে উঠেছে। তাকে গ্রামে বেসরকারি সংস্থা ব্র্যাক পরিচালিত স্কুলে ভর্তি করে দেওয়া হয়। পঞ্চম শ্রেণি পাস করে সে সুনামগঞ্জ পৌর শহরের বালিকা উচ্চবিদ্যালয়ে ভর্তি হয়েছে। প্রতিদিন গ্রাম থেকে প্রথমে তিন কিলোমিটার পথ হেঁটে সে সুরমা নদীর হালুয়াঘাট এলাকায় আসে। সেখান থেকে নৌকায় করে শহরের উকিলপাড়া ঘাট। পরে আবার হেঁটে যেতে হয় স্কুলে।
শিফার বাবা জানান, তিনি প্রতিদিন সকালে শিফাকে স্কুলে দিয়ে কাজে যান। আবার বিকেলে তাকে নিয়ে বাড়ি ফেরেন। তিন বছর আগে ব্র্যাকের সহযোগিতায় তাকে একটি কৃত্রিম পা দেওয়া হয়েছিল। কিন্তু এখন সেটি ব্যবহারের অনুপযোগী।
আবু মিয়া বলেন, ‘এভাবে প্রতিদিন ছয় কিলোমিটার পথ হাঁটতে মেয়েটার কষ্ট হয়। একটা কৃত্রিম পা হলে তার কষ্ট অনেক কমে যেত। কিন্তু আমি দরিদ্র মানুষ, মেয়েকে সেটা কিনে দেওয়ার সামর্থ্য আমার নেই।’
শিফা আক্তারের স্বপ্ন বড় হয়ে সে শিক্ষক হবে। তাই যত কষ্টই হোক, সে লেখাপড়া চালিয়ে যাবে।
ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বলেন, পড়াশোনার পাশাপাশি ভালো নাচ জানে শিফা। ২০১৩ সালে ব্র্যাক-চ্যানেল আইয়ের ‘তারায় তারায় দীপ শিখা’ অনুষ্ঠানে নৃত্যে সে প্রথম হয়েছে।
সুনামগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান বলেন, ‘আমরা শিফার লেখাপড়া চালিয়ে যেতে যথাসাধ্য সহযোগিতা করব।’