নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ এনে আবার ভোট গ্রহণের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফরিদা ইয়াসমিন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে শহরের সাতপাই লেভেল ক্রসিং এলাকায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলনে তাঁর নির্বাচনী এজেন্ট এ দাবি জানান।
ইউনিয়নের বড়গাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফরিদা ইয়াসমিনের এজেন্ট ছিলেন মো. আতিকুর রহমান। গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আতিকুর বলেন, গত শনিবার ওই কেন্দ্রে ভোট গণনার সময় আওয়ামী লীগের প্রার্থীর এজেন্টদের জোর করে সাদা কাগজে সই নেওয়া হয়। এরপর তাঁদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। পরে ‘মনগড়াভাবে’ ভোট গণনা করে ফরিদা ২৫২ ভোট এবং বিএনপির প্রার্থী ১ হাজার ৬৪৯ ভোট পেয়েছেন বলে জানানো হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তার ঘোষণা অনুযায়ী, এই ইউপিতে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম ৩ হাজার ৪২৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। ফরিদা পেয়েছেন ৩ হাজার ৪০১ ভোট।
ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা অজিত দত্তের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া গেছে।
জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল্লাহ আল মোহতাসীম প্রথম আলোকে বলেন, ‘এ রকম অভিযোগ থাকলে প্রার্থী নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। আমার কিছু করার সুযোগ নেই।’