নাটোরের বনপাড়া পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রে আবার ভোট গ্রহণের দাবি জানিয়েছেন পরাজিত মেয়র প্রার্থী মহুয়া নূর কচি। গতকাল সোমবার নাটোর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। বনপাড়া পৌরসভায় গত রোববার নির্বাচন অনুষ্ঠিত হয়। তিন হাজার ৭৬৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন কে এম জাকির হোসেন। মহুয়া নূর তাঁর কাছে হেরেছেন মাত্র ৪০ ভোটের ব্যবধানে।সংবাদ সম্মেলনে মহুয়া নূর অভিযোগ করেন, পৌরসভার হারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাঁর এজেন্টকে বের করে দেওয়া হয়। এরপর ভোট গণনার সময় তাঁর পক্ষে পড়া ব্যালট পেপারে অতিরিক্ত সিল মেরে তা বাতিল করা হয়। ওই কেন্দ্রের ফলাফলপত্রে তাঁর এজেন্টের স্বাক্ষরও নেওয়া হয়নি।ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মহুয়া নূরের এজেন্ট সাখাওয়াত হোসেন সংবাদ সম্মেলনে বলেন, ‘ভোট গণনার আগেই আমার কাছ থেকে ফলাফলপত্র ও খামে স্বাক্ষর চাওয়া হয়। আমি স্বাক্ষর করতে রাজি না হওয়ায় আমাকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।’মহুয়া নূরের স্বামী বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নূরকে গত বছর অক্টোবর মাসে বনপাড়া বাজারে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। নবনির্বাচিত মেয়র ওই হত্যা মামলার প্রধান আসামি।