শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ ও দুটি কেন্দ্রে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থী। তিনি গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে ওই দাবি জানান।
গতকাল বিকেলে জেলা শহরের একটি হোটেলে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী লীগের প্রার্থী মো. আকবর আলী নির্বাচনে অনিয়ম ও কারচুপি করে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী বিজয়ী হয়েছেন বলে অভিযোগ করেন। তিন অভিযোগ করেন, নির্বাচনের দিন বেলা ১১টার দিকে কুলুরচর বেপারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুজন সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের কারণে প্রায় তিন-চার ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত থাকে। পরে ভোট গ্রহণের ঘোষণা দেওয়া হলে কয়েক শ ভোটার কেন্দ্রে উপস্থিত হন। কিন্তু তাঁদের আর ভোট দিতে দেওয়া হয়নি।
আওয়ামী লীগের প্রার্থী অভিযোগ করেন, জাপার প্রার্থী আবদুর রউফের নেতৃত্বে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষরবিহীন চার-পাঁচটি বইয়ের ব্যালট পেপারে সিল মেরে জঙ্গলদী ও টাকিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়া হয়। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হলে তিনি বিকেল চারটার দিকে জঙ্গলদী কেন্দ্রে গিয়ে প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষরবিহীন বেশ কিছু ব্যালট পেপার বের করেন। এরপরও কেন্দ্র দুটিতে জাপার প্রার্থীর লাঙ্গল প্রতীকের অনুকূলে ফলাফল ঘোষণা করা হয়। এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে তিনি কুলুরচর বেপারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি বাতিল করে পুনরায় ভোট গ্রহণ এবং জঙ্গলদী ও টাকিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট পুনরায় গণনা করার দাবি জানান। এসব বিষয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন।
জাপার প্রার্থী আবদুর রউফ বলেন, ‘নির্বাচনে পরাজিত হয়ে আওয়ামী প্রার্থী দিশেহারা হয়ে পড়েছেন। আকবর সাতপাকিয়া কেন্দ্রে ভোট জালিয়াতির মাধ্যমে জয়ী হতে চেয়েছিলেন। কিন্তু প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার কারণে তা সম্ভব হয়নি।’
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বলেন, নির্বাচন কমিশনকে দেওয়া আকবরের একটি অভিযোগের অনুলিপি তিনি পেয়েছেন। এতে তাঁর কিছু করণীয় নেই। এ বিষয়ে কমিশন যে নির্দেশনা দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২৩ এপ্রিল তৃতীয় ধাপে চরপক্ষীমারী ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে জাপার প্রার্থী মো. আবদুর রউফ ৭ হাজার ৫৫৭ ভোট ও আওয়ামী লীগের প্রার্থী আকবর আলী পান ৭ হাজার ৫১০ ভোট। মাত্র ৪৭ ভোটের ব্যবধানে আকবর আলী পরাজিত হন।