একটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের একটি কেন্দ্রের ফল বাতিল করে ওই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন একজন পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী। দেলোয়ার হোসেন খান নামের ওই প্রার্থী গতকাল বৃহস্পতিবার বিকেলে নবাবগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান। দেলোয়ার হোসেন অভিযোগ করেন, সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ফল প্রিসাইডিং কর্মকর্তা অজিত কুমার ও রিটার্নিং কর্মকর্তা মো. ইয়াকুব আলীর যোগসাজশে ফল পাল্টে দেওয়া হয়।দেলোয়ার হোসেন অভিযোগ করেন, ওই কেন্দ্রের ভোটের ফল প্রিসাইডিং কর্মকর্তা মৌখিকভাবে ঘোষণা করেন। লিখিত ফল প্রকাশ না করে ব্যস্ততার কথা বলে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়। উভয় ঘোষণায় তাঁর প্রতিপক্ষ ফজলুল হককে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। তিনি বলেন, নির্বাচনের পরদিন ভোটকেন্দ্রে প্রায় ৩৫০টি মুড়ি পেপার পাওয়া যায়। প্রশাসন ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে। তিনি দাবি করেন, ওই কেন্দ্রে তিনি ভোট বেশি পেয়েছিলেন। কিন্তু দুই কর্মকর্তার যোগসাজশে ফল উল্টানো হয়। তিনি জানান, তিনি এ বিষয়ে জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন। তিনি ওই কেন্দ্রে আবার ভোট গ্রহণের দাবি জানান। তবে প্রিসাইডিং কর্মকর্তা অজিত কুমার বলেছেন, নির্বাচন সুষ্ঠুভাবে শেষ হয়েছে। কোনো কারচুপি হয়নি।ইউএনও মাহবুবা আক্তার ব্যালট পেপারের মুড়ি উদ্ধারের কথা স্বীকার করে বলেন, অভিযোগের ভিত্তিতে নির্বাচন কর্মকর্তাকে তিনি ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন।