একটি কেন্দ্রে ভিন্ন সেটে এইচএসসি পরীক্ষা
চলমান উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রাজধানীর নিউ মডেল ডিগ্রি কলেজ কেন্দ্রে আজ রোববার ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের ‘ভুল’ সেটে উচ্চতর গণিত প্রথম পত্রের পরীক্ষা দিতে হয়েছে।
বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনের (শুধু ইংরেজি অনুবাদ) প্রশ্ন একই হওয়ার কথা থাকলেও এখানে আলাদা দুই সেটে পরীক্ষা নেওয়ায় দুই মাধ্যমের প্রশ্নে মিল ছিল না।
পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা অভিযোগ করেন, এ কারণে পরীক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিতে পারেনি, আবার মূল্যায়ন সঠিকভাবে না হওয়ার আশঙ্কা করছেন। এ নিয়ে বিকেলে ওই কলেজের সামনে জড়ো হয়ে ক্ষোভ জানান অভিভাবকেরা।
ঘটনাটি ঘটেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে। জানতে চাইলে এই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে থাকা উপপরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার আজ প্রথম আলোকে বলেন, তাঁরাও অভিযোগ জানতে পেরে সঙ্গে সঙ্গে ওই কেন্দ্রে কথা বলেছেন। ভুলবশত এখানে ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের বিপরীত সেটে পরীক্ষা নিয়েছেন শিক্ষকেরা। তবে এতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না। এই খাতাগুলো আলাদাভাবে দেখা হবে, যাতে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয়।
বোর্ডের আরেকজন কর্মকর্তা বলেন, এই পরীক্ষার্থীদের খাতা একটু সহজভাবে দেখা হবে।
ওই কেন্দ্রের একজন পরীক্ষার্থী প্রথম আলোকে বলেন, তাঁরা পরীক্ষা দিয়েছে ‘ক’ সেটে। পরীক্ষার প্রশ্ন ছিল বেশ কঠিন। পরে বিকেলে পরীক্ষা শেষ করে বাইরে এসে দেখেন বাংলা মাধ্যমের পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে ‘খ’ সেটে। ‘খ’ সেটের প্রশ্ন বেশ সহজ ছিল। অথচ পরীক্ষা হওয়ার কথা একই সেটে। শুধু বাংলা মাধ্যমের প্রশ্নটি ইংরেজিতে অনুবাদ করে দেওয়ার কথা। পরে অন্যান্য কলেজের পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, ওই সব কেন্দ্রে কোনো সমস্যা হয়নি। বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন সবাই ‘খ’ সেটে পরীক্ষা দিয়েছে।
দুজন পরীক্ষার্থীর অভিভাবক প্রথম আলোকে বলেন, তাঁরা এখন চিন্তায় আছেন আলাদা সেট হওয়ায় মূল্যায়নেও বৈষম্যের শিকার হতে পারেন তাঁদের সন্তানেরা। দুজনই তীব্র ক্ষোভ প্রকাশ করেন।