একটি কেন্দ্রে ভিন্ন সেটে পরীক্ষা, দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রাজধানীর নিউ মডেল ডিগ্রি কলেজ কেন্দ্রে গতকাল রোববার ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের ভিন্ন সেটে উচ্চতর গণিত প্রথম পত্রের পরীক্ষা দিতে হয়েছে।
বাংলা ও ইংরেজি ভার্সনের (শুধু ইংরেজি অনুবাদ) প্রশ্ন এক হওয়ার কথা থাকলেও এই কেন্দ্রে আলাদা দুই সেটে পরীক্ষা নেওয়া হয়। এতে দুই মাধ্যমের প্রশ্নে মিল ছিল না। পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা অভিযোগ করেন, এ কারণে পরীক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিতে পারেনি। আবার মূল্যায়ন সঠিকভাবে না হওয়ার আশঙ্কাও করছেন তাঁরা। এ নিয়ে বিকেলে ওই কলেজের সামনে জড়ো হয়ে ক্ষোভ জানান অভিভাবকেরা।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে থাকা উপ-পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, তাঁরাও অভিযোগ জানতে পেরে সঙ্গে সঙ্গে ওই কেন্দ্রে কথা বলেছেন। ভুলবশত এখানে ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের বিপরীত সেটে পরীক্ষা নিয়েছেন শিক্ষকেরা। তবে এতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না। এই খাতাগুলো আলাদাভাবে দেখা হবে, যাতে পরীক্ষার্থীরা কোনো ক্ষতির শিকার না হয়।
নিউ মডেল ডিগ্রি কলেজ কেন্দ্রের একজন পরীক্ষার্থী প্রথম আলোকে বলে, তারা পরীক্ষা দিয়েছে ‘ক’ সেটে। পরীক্ষার প্রশ্ন ছিল বেশ কঠিন। পরে বিকেলে পরীক্ষা শেষ করে বাইরে এসে দেখে বাংলা মাধ্যমের পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে ‘খ’ সেটে। ‘খ’ সেটের প্রশ্ন সহজ ছিল। অথচ পরীক্ষা হওয়ার কথা একই সেটে। শুধু বাংলা মাধ্যমের প্রশ্নটি ইংরেজিতে অনুবাদ করে তাদের দেওয়ার কথা। পরে অন্যান্য কলেজের পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, ওই সব কেন্দ্রে কোনো সমস্যা হয়নি। বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে সবাই ‘খ’ সেটে পরীক্ষা দিয়েছে।
দুজন পরীক্ষার্থীর অভিভাবক প্রথম আলোকে বলেন, আলাদা সেট হওয়ায় মূল্যায়নেও বৈষম্যের শিকার হতে পারেন তাঁদের সন্তানেরা। এ নিয়ে তাঁরা দুশ্চিন্তায় আছেন।