একটি কেন্দ্রে ৯৭ শতাংশ ভোট পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা নির্বাচনের তিনটি কেন্দ্রে ৮০ শতাংশের ওপর ভোট পড়েছে। এর মধ্যে শাহরাস্তি বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রায় ৯৭ শতাংশ ভোট পড়েছে। গত সোমবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত বেসরকারি ফলাফলের কাগজ যাচাই করে দেখা গেছে, এ কেন্দ্রের মোট ভোটারসংখ্যা ২১৪৭। এর মধ্যে কাস্টিং (প্রাপ্ত) ভোটের সংখ্যা ২০৭৮। অর্থাৎ প্রায় ৯৬ দশমিক ৭৮ শতাংশ ভোট পড়েছে। এ কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী আবদুল লতিফ পেয়েছেন ১৯৯৯ ভোট এবং বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পেয়েছেন মাত্র ৭৯ ভোট। এ কেন্দ্রে কোনো ভোট বাতিল হয়নি।
এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও মেহার ডিগ্রি কলেজের প্রভাষক জিয়া উদ্দিন গতকাল মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমার এখানে সাতটি বুথে ভোটাররা উপস্থিত হয়ে ভোট দিয়েছেন। তিনি দাবি করেন, তাঁর কেন্দ্রে দখল ও গোলযোগের কোনো ঘটনা ঘটেনি। ৯৭ শতাংশ ভোট পড়ার বিষয়টি আপনার কাছে স্বাভাবিক মনে হয় কি না—এমন প্রশ্নের জবাবে জিয়া উদ্দিন কোনো মন্তব্য করতে রাজি হননি।
নির্বাচনের ফলাফলের কাগজ যাচাই করে আরও দেখা গেছে, ওই কেন্দ্র ছাড়া করফুলেন্নেছা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ৮২ দশমিক ৩৩ শতাংশ ও বাদিয়া এম হক উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৮০ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে।
শাহরাস্তি পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান বলেন, ব্যালট পেপার ছিনতাই ও গোলযোগের কারণে একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আরও দুই-তিনটি কেন্দ্রে কিছু গোলযোগ হয়েছে। শাহরাস্তি বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্র নিয়ে সারা দিন কোনো অভিযোগ পাওয়া যায়নি। বেলা তিনটার দিকে বিএনপির প্রার্থী মোস্তফা কামাল কেন্দ্রটি দখলের অভিযোগ তোলেন। একটি কেন্দ্রে ৯৭ শতাংশ ভোট পড়ার বিষয়টি তাঁর কাছেও অস্বাভাবিক মনে হচ্ছে।
বিএনপির প্রার্থী মোস্তফা কামালের প্রধান নির্বাচনী এজেন্ট আলী আজগর মিয়াজী অভিযোগ করেন, ‘পাঁচটি কেন্দ্র দখলে নিয়ে আওয়ামী লীগ ও বহিরাগতরা ইচ্ছামতো সিল মেরেছে। প্রশাসনের কাছে প্রতিকার চেয়েও পাওয়া যায়নি। অবশ্য বিকেলে আমাদের প্রার্থী মোস্তফা কামাল কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগে নির্বাচন প্রত্যাখ্যান করেছেন।’