ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন পরিষদে (ইউপি) গত ২২ জুন অনুষ্ঠিত নির্বাচনে একটি কেন্দ্রের দুই রকম ফল ঘোষণার অভিযোগ পাওয়া গেছে।পরাজিত চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন ভূঁইয়ার অভিযোগ, কেন্দ্রে ফল ঘোষণা করে উপজেলা সদরে গিয়ে রিটার্নিং অফিসারের যোগসাজশে সেই ফল বদলে দেন প্রিসাইডিং অফিসার। এর ফলে তিনি মাত্র কয়েক ভোটের ব্যবধানে পরাজিত হন।নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (পল্লি-১) আবদুল বাতেন বিষয়টি তদন্তে জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল আলম খানকে নির্দেশ দিয়েছেন। তিনি কাল বৃহস্পতিবার সরেজমিনে তদন্ত করবেন।হেলাল উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন, খাড়েরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খাড়ের দক্ষিণ ভূঁইয়া বাড়ি ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফরিদ আহাম্মদ চেয়ারম্যান প্রার্থী গোলাম জিলানীর আনারস প্রতীকের বিপরীতে এক হাজার ৩৬৮ ভোট ঘোষণা করেন। কিন্তু উপজেলা সদরে গিয়ে প্রিসাইডিং অফিসার রিটার্নিং অফিসার শরীফ উদ্দিনের সঙ্গে যোগসাজশে এ ফল বদলে আনারস প্রতীকের বিপরীতে এক হাজার ৪১১ ভোট ঘোষণা করেন। এই ফলাফলের ভিত্তিতে গোলাম জিলানী সর্বমোট চার হাজার ৯০২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর তিনি (হেলাল উদ্দিন ভূঁইয়া-গরুর গাড়ী) পান চার হাজার ৮৬৯ ভোট।জানতে চাইলে প্রিসাইডিং অফিসার বায়েক শাহআলম কলেজের প্রভাষক ফরিদ আহাম্মদ প্রথম আলোকে বলেন, তিনি কেন্দ্রে কোনো ফল ঘোষণা করেননি। আর তাঁর স্বাক্ষর করা ফলাফল শিটের বিষয়ে বলেন, পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়ার জন্য তিনি ফলাফল শিটটি পাঠিয়েছিলেন। কিন্তু তাঁর কাছে সেটি আর ফেরত দেওয়া হয়নি। রিটার্নিং অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন বলেন, প্রিসাইডিং অফিসারের দেওয়া ফলাফলের ভিত্তিতে তাঁর দপ্তর থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।