একটি ক্রেন সচল করতে তিন মাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন মাস অচল থাকার পর সচল হয়েছে পানগাঁওগামী জাহাজের কনটেইনার ওঠানো-নামানোর ক্রেনটি। ছবিটি গতকাল চট্টগ্রাম বন্দর থেকে তোলা l প্রথম আলো
তিন মাস অচল থাকার পর সচল হয়েছে পানগাঁওগামী জাহাজের কনটেইনার ওঠানো-নামানোর ক্রেনটি। ছবিটি গতকাল চট্টগ্রাম বন্দর থেকে তোলা l প্রথম আলো

প্রায় তিন মাস পর চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর যন্ত্র ‘মোবাইল হারবার ক্রেন’ সচল হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় চিটাগং কনটেইনার টার্মিনালে একটি জাহাজ থেকে কনটেইনার নামানোর মাধ্যমে ক্রেনটির কার্যক্রম চালু হয়। এর আগে এপ্রিলের প্রথম সপ্তাহে এই ক্রেনটি অচল হয়ে পড়েছিল। ক্রেনটি মেরামতে দেরি হওয়ায় বন্দরের কার্যক্রমেও ব্যাঘাত ঘটেছে।

বন্দর পর্ষদের সদস্য জাফর আলম গতকাল প্রথম আলোকে বলেন, যন্ত্রটি অচল হয়ে পড়ার পর বিদেশ থেকে সঠিক যন্ত্রাংশ আনতে দেরি হয়। এ কারণে যন্ত্রটি মেরামতে সময় লেগেছে।

বন্দর কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দর থেকে যেসব জাহাজ ঢাকার পানগাঁও নৌ টার্মিনালে কনটেইনার পরিবহন করে সেসব জাহাজের জন্য এই ক্রেন ব্যবহার করা হয়। ২০১৩ সালের এপ্রিলে ৫৫ কোটি টাকায় এই ক্রেনটি সংগ্রহ করে বন্দর। এরপর নিউমুরিং টার্মিনালের একটি জেটিতে এই ক্রেনটি স্থাপন করে কনটেইনার ওঠানো-নামানো হতো। মোবাইল হারবার ক্রেনটি অচল হয়ে পড়ার পর সাময়িক ব্যবস্থা হিসেবে গ্যান্ট্রি ক্রেনের মাধ্যমে গত তিন মাস পানগাঁওগামী জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো হয়েছে।

বন্দর কর্মকর্তারা জানান, এপ্রিলের শুরুতে জার্মানির লিভার কোম্পানির সরবরাহ করা যন্ত্রটি অচল হয়ে গেলে যন্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বন্দরে এসে তা ঠিক করতে পারেননি। যন্ত্রটি সরবরাহকারী প্রতিষ্ঠান পরে স্থানীয় প্রতিনিধি পরিবর্তন করে সাইফ পাওয়ারটেক লিমিটেডকে নিয়োগ দেয়। এরপর নতুন যন্ত্রাংশ সংযোজন করে ক্রেনটি মেরামত করা হয়। এটি এখন নিউমুরিং টার্মিনাল থেকে সরিয়ে চিটাগং কনটেইনার টার্মিনালে স্থানান্তর করা হয়।