একটি খামারের উৎকট গন্ধে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় একটি পোলট্রি ফার্মের উৎকট গন্ধে তিন শতাধিক শিক্ষার্থীর পাঠদান ও গ্রামবাসীর চলাচলে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী ও ভুক্তভোগী শিক্ষক-শিক্ষার্থী সূত্রে জানা গেছে, টেংগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের সীমানা ঘেঁষে স্থানীয় জহির উদ্দিন খানের মুরগির খামার। ওই খামারের উৎকট দুর্গন্ধে গত চার মাস ধরে বিদ্যালয়ের ৩৩৯ জন শিক্ষার্থীর লেখাপড়া ব্যাহত হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালেহ আহমেঞ্চদ জানান, গত চার মাসের বিভিন্ন সময়ে বিদ্যালয়ের ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী খামার থেকে আসা দুর্গন্ধে অসুস্থ হয়েছে। গত রোববার বৃষ্টি শুরু হলে খামার থেকে আসা দুর্গন্ধে ১২ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষক বমি করতে থাকেন। বিশেষ করে বৃষ্টি হলেই সমস্যাটি প্রকট হয়। এ বিষয়ে খামারের মালিক জহির উদ্দিন খানের সঙ্গে আলাপ করেও তিনি কোনো সমাধান পাননি। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি দাইয়ান সরকার বলেন, ‘শিক্ষার্থীদের লেখাপড়াসহ গ্রামের কয়েক হাজার লোকের চলাচল নির্বিঘ্ন করতে খামারটি অন্যত্র সরানো দরকার। এ বিষয়ে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে যাব।’ জহির উদ্দিন খানের সঙ্গে কথা বলতে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।
উপজেলা ভেটেরিনারি কর্মকর্তা সাহাদাত হোসেন জানান, কোনো খামার পরিবেশ দূষণ করে এমন লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়।