নারায়ণগঞ্জের একটি পোলট্রি খামারে বার্ড ফ্লুর কারণে গতকাল মঙ্গলবার প্রায় ১০ হাজার মুরগি নিধন করা হয়েছে। তবে এ ঘটনায় খামারিদের আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, বন্দর উপজেলার মেসার্স জোবায়দা পোলট্রি ফার্মে কয়েক দিন ধরে অজ্ঞাত রোগে মুরগি মরতে শুরু করে। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা আক্রান্ত মুরগির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য ঢাকার প্রাণিসম্পদ পরীক্ষাগারে পাঠান। পরে পরীক্ষার নমুনায় বার্ড ফ্লু ধরা পড়ায় গতকাল রাতে জেলা ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা খামারের প্রায় ১০ হাজার মুরগি নিধন করে মাটিতে পুঁতে ফেলেন। নিধনকৃত মুরগির মূল্য প্রায় ২০ লাখ টাকা।বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বার্ড ফ্লু যেন অন্যান্য খামারে ছড়াতে না পারে, সে জন্য ওই খামারের মুরগির খাবার ও অন্যান্য জিনিসপত্রও মাটিতে পুঁতে ফেলা হয়েছে। তবে খামারটির ৫০০ মিটারের বাইরে থাকায় অন্য খামারের মুরগি নিধন করার প্রয়োজন নেই। এ ছাড়া এ ঘটনায় আতঙ্কিত হওয়ারও কিছু নেই।