একটি খাল খনন না হওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্যোগ নেওয়ার পরও একটি খাল খনন না হওয়ায় সুনামগঞ্জের দেখার হাওরে চলতি বোরো মৌসুমে প্রায় তিন হাজার একর জমি অনাবাদি থাকবে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। দুটি প্রতিষ্ঠান খাল খননের উদ্যোগ নিয়েও শেষ পর্যন্ত তারা আর খননকাজ করেনি।হাওর পাড়ের কৃষকেরা জানান, জেলার দেখার হাওরের উত্তর-পূর্ব অংশে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ও দোহালিয়া ইউনিয়নের সোনাপুর, হিম্মতেরগাঁও, সাহেবনগর, চেঙ্গাইয়া, কৃষ্ণনগর, রাধানগর, মঙ্গলপুর, করালি, হাজিনগর, চানপুর গ্রামের কৃষকদের জমি রয়েছে। এসব গ্রামের কৃষকেরা প্রতিবছর বোরো মৌসুমে এলাকার মঙ্গলপুর ও ডোলার খাল থেকে পানি সেচে হাওরের জমি চাষাবাদ করে থাকেন। কিন্তু এবার খালে পানি না থাকায় সেচের অভাবে তাঁরা হাওরে বোরো লাগাতে পারছেন না।জানা গেছে, এলাকাবাসী গত তিন বছর খাল দুটির মঙ্গলপুর থেকে মোকামবাজার পর্যন্ত তিন কিলোমিটার এবং সোনাপুর তেখালা থেকে ইনাইখালী পর্যন্ত এক কিলোমিটার পর্যন্ত খননের দাবি জানিয়ে আসছেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) খাল খননের উদ্যোগ নেয়। বিএডিসি গত বছর সেখানে একটি খননযন্ত্র নিয়ে গেলেও পরে আর কাজ করেনি। এরপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কমিউনিটি বেজ্ড রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের (সিবিআরএমপি) আওতায় গত নভেম্বর মাসে আবার খাল খননের উদ্যোগ নেওয়া হয়। এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা গত ২৩ নভেম্বর এলাকায় গিয়ে গ্রামবাসীদের নিয়ে বৈঠক করেন। এ জন্য ১৮ লাখ টাকার একটি প্রকল্প তৈরি করা হয়। কিন্তু এখন পর্যন্ত কাজ শুরু হয়নি। সোনাপুর গ্রামের মুক্তিযোদ্ধা কমান্ডার আলতাব মিয়া বলেন, ‘খাল খনন না হওয়ায় আমরা পানির অভাবে হাওরে জমিতে বোরো লাগাতে পারছি না। এ বছর হাওরের প্রায় তিন হাজার একর জমি অনাবাদি থাকবে।’ সোনাপুর গ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য প্রতাপ চন্দ্র দাস জানান, খালটি খননের জন্য আমরা গত তিন মাস বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি। এ জন্য স্থানীয় সাংসদও সুপারিশ করেছেন। কিন্তু কাজ আর শুরু হয়নি।’ গ্রামের কৃষক সুন্দর আলী (৫০), সৈরত আলী, (৫৫), সোনাপুরের লাল মিয়া (৬০) বলেন, খালটি খনন হলে এলাকায় ইরি ও বোরো দুই ফসলের চাষ সহজ হতো।দোয়ারাবাজার উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা বিজয় কৃষ্ণ রায় জানান, ‘খাল খননের জন্য প্রথমে বিএডিসি এবং পরে সিবিআরএমপি উদ্যোগ নিয়েছিল। শেষ পর্যন্ত কেন খনন হয়নি সেটি আমার জানা নেই।’সুনামগঞ্জ বিএডিসির জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী (সেচ) প্রনজিৎ কুমার দেব বলেন, ‘আমাদের এখন খাল খননের কোনো বাজেট নাই। তবে আগামী ডিসেম্বরের আগে সেটি করতে পারব। এখন যদি সিবিআরএমপি খনন করে এতে আমাদের কোনো আপত্তি থাকবে না।’সিবিআরএমপির উপজেলা প্রকল্প ব্যবস্থাপক জারহাদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘আমরা উদ্যোগ নিয়েছি, কিন্তু প্রকল্পটি অনুমোদন হয়নি। প্রকল্প অনুমোদন হলে কাজ শুরু হবে।’