একটি খুনের ঘটনায় লাকসামে আতঙ্ক, এলাকা পুরুষশূন্য
পূর্বশত্রুতার জের ধরে কুমিল্লার লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও সাহাপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী জাকির হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় গত শনিবার রাত সাড়ে আটটায়। ওই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী ওই রাতেই জাকিরের একসময়ের বন্ধু ও তিনটি মামলার আসামি একই পাড়ার বখাটে মিঠুন সাহার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। মিঠুন সাহার রামদার কোপেই জাকিরের মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনার পর সাহাপাড়ার ২২৫টি সংখ্যালঘু পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরুষেরা ভয়ে পালিয়ে যান। উদ্ভূত পরিস্থিতিতে সাহাপাড়া এলাকার তিনটি স্থানে পুলিশ বসানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মিঠুন সাহার ছোট ভাই শিমুল সাহাকে ঘটনার দিন রাতেই গ্রেপ্তার করেছে। এদিকে জাকির হোসেনের পুরো পরিবারহ এখন শোকাহত। জাকিরের স্ত্রী মাহমুদা আক্তার পাঁচ মাস বয়সী শিশুসন্তান মেহেদী হাসানকে নিয়ে বাকরুদ্ধ। গত মঙ্গলবার দুপুরে সাহাপাড়া এলাকা ঘুরে দেখা গেছে, মানুষের আনাগোনা তেমন নেই। এলাকার তিনটি স্থানে সাতজন পুলিশ সদস্য টেবিল পেতে বসে আছেন। মিঠুনের বাড়িতে গিয়ে দেখা গেছে, আগুনে পোড়া ঘর। আশপাশের বাসার কেউ মুখ খুলছে না। কোনো পুরুষকে দেখা যায়নি। নারীদের সঙ্গে কথা হলেও তাঁরা কেউই নাম প্রকাশ করতে চাইছে না। মিঠুনের মামা আশীষ সাহা ও সুমন সাহা ঘরে তালা মেরে চলে গেছেন। অন্য হিন্দু পরিবারের সদস্যরাও আতঙ্কে। বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীরা বাড়ি থেকে বের হচ্ছে না।সাংবাদিক পরিচয় পেয়ে কয়েকজন নারী ঘর থেকে বেরিয়ে এসে বলেন, ‘মিঠুন সাহা খুবই খারাপ লোক। তাঁর অপরাধের কারণে আমরা কেন ভয়ে থাকব। আমাদের বাচ্চাদের সামনে বার্ষিক পরীক্ষা। ওরা পড়াশোনায় মনোযোগী হতে পারছে না। পুরুষ মানুষগুলো রাতে ঘুমাতে পারছে না। তাঁরা ঘরছাড়া। মামলায় অজ্ঞাতনামা আসামি করায় আমাদের মধ্যে আতঙ্ক রয়েছে। আমরা ওই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’ঘটনার বর্ণনা: পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে আটটার দিকে জাকির হোসেনের বাড়ির ১০০ গজ উত্তরে হিন্দু সম্প্রদায়ের শ্যামাপূজা উপলক্ষে স্থানীয় ইউনিটি ক্লাবের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। নিহত জাকির হোসেনের ভাগিনা সুমন ও ভাতিজা রাসেল ওই পথ দিয়ে যাচ্ছিল। ওই সময়ে মিঠুন সাহাসহ আরও সাত-আটজন সহযোগী তাদের পথ আগলে ধরে। খবর পেয়ে জাকির হোসেন ঘটনাস্থলে যান। জাকিরের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে মিঠুন সাহা ও তাঁর সহযোগীরা তাঁকে রামদা দিয়ে এলোপাতাড়ি গলায় ও বুকে কোপ দেয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। প্রথমে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন মিঠুন সাহার বাড়িতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিক্ষুব্ধ লোকজন সাহাপাড়ার মনষা মন্দিরসহ হিন্দুদের চারটি বাড়িও ভাঙচুর করে। খবর পেয়ে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা চেয়ারম্যান, পুলিশ ও দমকল বাহিনী সেখানে যায়। তবে দমকল বাহিনী যাওয়ার আগেই মিঠুন সাহার ঘর আগুনে ভস্মীভূত হয়ে যায়। পরিবারের সদস্যরা পালিয়ে যায়।থানায় মামলা: জাকির হোসেন হত্যা মামলায় তাঁর সহোদর মো. খোকন মিয়া বাদী হয়ে আট ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনের বিরুদ্ধে লাকসাম থানায় হত্যা মামলা করেন। আসামিরা হলেন—মিঠুন সাহা, টুটুল সাহা, শিমুল সাহা, বাবুল সাহা, গীতা সাহা, জয়দেব সাহা, মরণ সাহা ও অনুপম সাহা। এর মধ্যে মিঠুন সাহার ছোট ভাই শিমুল সাহাকে ওই রাতেই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। কে এই মিঠুন সাহা: লাকসাম পৌর এলাকার সাহাপাড়ার বাসিন্দা মিঠুন সাহা এসএসসির দরজা পার হতে পারেনি। একপর্যায়ে সে লাকসাম ‘তরুণ লীগে’ নাম লেখায়। এলাকায় কিছু হলেই দা-ছেনি নিয়ে ঘর থেকে বের হয়। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম চৌধুরী বলেন, ‘মিঠুনের বিরুদ্ধে মোটরসাইকেল ছিনতাই, লাকসাম জগন্নাথপাড়ার মিঠু নামের এক ছেলেকে হত্যাচেষ্টা এবং চুরি ও ছিনতাইয়ের অভিযোগে তিনটি মামলা রয়েছে। তাকেসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’স্থানীয় সাংসদের বক্তব্য: কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের সাংসদ মো. তাজুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসী যে-ই হোক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে একটি মহল ওই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। আমরা সবার নিরাপত্তা নিশ্চিত করব। এ হত্যাকাণ্ডের বিচার হবেই।’সাংসদ গত রোববার সকালে জাকিরের বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সান্ত্বনা দেন।